× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিজয়া দশমী আজ, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬ ০৯:১৫ এএম

বিজয়া দশমী আজ, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব

আজ বুধবার বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। পাঁচ দিনের পূজা-অর্চনা, আনন্দ-উৎসব আর মিলনমেলার পর দেবী দুর্গাকে বিদায় জানাতে প্রস্তুত ভক্ত-পুণ্যার্থীরা। দিন শেষে ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর বিষাদমাখা পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবীকে কৈলাসে বিদায় জানানো হবে।

বিজয়া দশমী উপলক্ষ্যে সকালে দেশের বিভিন্ন পূজামণ্ডপে অনুষ্ঠিত হবে বিহিত পূজা। এরপর শাস্ত্রীয় রীতি অনুযায়ী দর্পণ বিসর্জন ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। স্থানীয় আয়োজন ও সুবিধাজনক সময়ে শোভাযাত্রার মাধ্যমে বিভিন্ন স্থানে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। রাজধানীতে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে বিভিন্ন মণ্ডপে বিশেষ আয়োজন রাখা হয়েছে। ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শোভাযাত্রা বের হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে সদরঘাটে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

দুর্গোৎসবের শেষ দিনে মণ্ডপে মণ্ডপে বিরাজ করবে বিদায়ের সুর। দেবী দুর্গার বিদায়লগ্নে ভক্তদের চোখে থাকবে অশ্রু, মনে থাকবে আগামী বছর আবারও মায়ের আগমনের প্রত্যাশা। ঢাক, ঢোল, কাঁসর, ঘণ্টা ও শঙ্খের ধ্বনিতে মুখর হয়ে উঠবে বিসর্জনের আয়োজন।

বিজয়া দশমীর অন্যতম আকর্ষণ সিঁদুর খেলা। প্রতিমা বিসর্জনের আগে বিভিন্ন মণ্ডপে সনাতনী নারীরা দেবী দুর্গার চরণে সিঁদুর অর্পণ করে নিজেদের মধ্যে সিঁদুর বিনিময় করবেন। প্রচলিত ধর্মীয় রীতি অনুযায়ী, দেবীর সিঁথিতে সিঁদুর দিয়ে তাঁর আশীর্বাদ কামনা করেন তাঁরা। পান ও মিষ্টি নিবেদনসহ নানা আচার পালনের পর একে অপরকে সিঁদুর পরিয়ে উৎসবের শেষ মুহূর্তগুলো স্মরণীয় করে তোলেন।

গত ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয় শারদীয় দুর্গোৎসব। ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত পূজা-অর্চনা, দেবী দর্শন, সাংস্কৃতিক আয়োজন ও নানা উৎসবমুখর কর্মসূচিতে মুখর ছিল দেশের পূজামণ্ডপগুলো। গতকাল মহানবমীতে দেবীর আরাধনা ঘিরে বিভিন্ন মন্দিরে ভক্তদের ব্যাপক সমাগম ঘটে। রাজধানীর পুরান ঢাকাসহ বিভিন্ন এলাকার মণ্ডপগুলোতে সকাল থেকেই দর্শনার্থীদের ভিড় দেখা যায়, যা বিকেলের দিকে আরও বাড়ে।

পরিবারের সদস্যদের সঙ্গে নতুন পোশাকে মণ্ডপে আসেন শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ। পূজামণ্ডপের বাইরে অস্থায়ী দোকানগুলোতে খাবার ও বিভিন্ন পণ্যের পসরা বসে। বর্ণিল তোরণ, আলোকসজ্জা, ঢাকের বাদ্য আর মন্ত্রোচ্চারণে উৎসবের আবহ ছড়িয়ে পড়ে নগরজুড়ে। বিভিন্ন মণ্ডপে বিশেষ অনুষ্ঠানমালারও আয়োজন করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা