প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬ ১৩:৪৬ পিএম
সাদা টি-শার্ট ও ক্যাপ পরা অংশগ্রহণকারীদের ধর্মীয় স্লোগানে মুখরিত ছিল পুরো পথ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও ১২ রবিউল আউয়াল উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য জশনে জুলুস।
সাদা পোশাক ও টুপি পরা মানুষের উপস্থিতি, কালেমাখচিত পতাকা, প্ল্যাকার্ড, রঙিন ফেস্টুন ও জাতীয় পতাকায় মুখর হয়ে ওঠে ঢাকার বিভিন্ন সড়ক।
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া বুধবার সকালে আয়োজিত এ জশনে জুলুসে সংগঠনটির সভাপতি শাহসূফী ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী নেতৃত্ব দেন।
ভোরের আলো ফোটার আগ থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ সুফিবাদী জনতা উদ্যানে জড়ো হতে শুরু করেন।
সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে পুরো উদ্যান পরিণত হয় মানুষের বিশাল মিলনমেলায়।
নারী, পুরুষ ও নানা বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
সোহরাওয়ার্দী উদ্যানের পশ্চিম গেট থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি দোয়েল চত্বর, শিক্ষা ভবন ও সচিবালয় সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উদ্যানে এসে শেষ হয়। পরে সেখানে আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রার অগ্রভাগের বিশাল ব্যানারে লেখা ছিল- ‘ইয়া নবী সালামু আলাইকা’ ও ‘ইয়া রাসূল সালামু আলাইকা’।
অংশগ্রহণকারীদের হাতে ছিল কালেমাখচিত পতাকা, প্ল্যাকার্ড ও নানা বার্তাসংবলিত ফেস্টুন। বিশাল জাতীয় পতাকা বহন করেও অনেকেই অংশ নেন।
সাদা টি-শার্ট ও ক্যাপ পরা অংশগ্রহণকারীদের ধর্মীয় স্লোগানে মুখরিত ছিল পুরো পথ।
সমাবেশে শাহসূফী ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন, মহানবী হযরত মুহাম্মদ (দ.) সমগ্র মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। তার শিক্ষা ও আদর্শ অনুসরণ করলেই সমাজে ন্যায়, মানবিকতা ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব।
বিএসপি চেয়ারম্যান বলেন, ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য শুধু আনুষ্ঠানিক উদযাপনের মধ্যে সীমাবদ্ধ নয়। মহানবী (দ.)-এর জীবনাদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার ও সমাজে ন্যায়বিচার, সহমর্মিতা ও পারস্পরিক সৌহার্দ্য প্রতিষ্ঠা করতে হবে।
বিশেষ অতিথি ছিলেন শাহজাদা সৈয়দ মেহেবুবে মইনুদ্দীন, শাহজাদা সৈয়দ মাশুক মইনুদ্দী, প্রফেসর এমিরেটস ডক্টর আনিসুজ্জামান ও আখতারুজ্জামানসহ অন্যরা। আয়োজন শেষে দেশ, জাতি, শান্তি ও মানবতার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন শাহসূফী ড. শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী।