ইউএনবি
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ ২১:১৫ পিএম
দায়িত্ব পাওয়ার পর রবিবার প্রথম কর্মদিবসে সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার। ছবি: ভিডিও থেকে
নিয়োগ নিয়ে বিভিন্ন মহলের প্রশ্ন ও সমালোচনার বিষয়ে ওলামায়ে কেরামের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে ভুল বোঝাবুঝি দূর করার কথা জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার।
দায়িত্ব পাওয়ার পর রবিবার প্রথম কর্মদিবসে সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এই কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী।
নিয়োগ নিয়ে হেফাজতে ইসলামের নেতাদের প্রশ্ন তোলার বিষয়ে শামীম কায়সার বলেন, “কোনো নিয়োগ নিয়ে সবার একই মত থাকবে- এমনটি নয়। পছন্দ-অপছন্দ থাকতেই পারে”।
তিনি বলেন, “আমি গতকালও আমাদের জামিয়া মাদানিয়া বারিধারায় গিয়েছি, মুহতারাম মুনির কাসেমী হাফিজাহুল্লাহর সঙ্গে এবং জমিয়তে উলামায়ে ইসলাম, হেফাজতে ইসলাম বাংলাদেশের অনেক শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের সঙ্গে কথা বলেছি। আলহামদুলিল্লাহ”।
ওলামায়ে কেরামের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকলে কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা দূর করা সম্ভব হবে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, “ওলামায়ে কেরাম, ওলামা-মাশায়েখ, হাফিজাহুল্লাহদের সঙ্গে যোগাযোগ ও কথাবার্তা যত বেশি হবে, ইনশাল্লাহ যদি কোথাও কোনো ভুল বোঝাবুঝি থাকে, সেগুলো নিরসন হয়ে যাবে”।
কোনো বিষয়ে খণ্ডিত তথ্য পৌঁছালে তা ভিন্নভাবে ব্যাখ্যা হওয়ার সুযোগ থাকে উল্লেখ করে শামীম কায়সার বলেন, “সরাসরি ও পরিষ্কারভাবে তথ্য না গেলে ছিন্নভিন্ন তথ্যের ভিত্তিতে কোনো বিষয়ে ভিন্ন ব্যাখ্যা তৈরি হতে পারে”।
তিনি বলেন, “সেরকম কোনো অস্পষ্টতা যদি থাকে, যেমন গতকালও যখন আমি বসেছি, উনাদের কিছু প্রশ্ন ছিল। আমি বিশ্বাস করি, তাদের প্রশ্নগুলোর সন্তোষজনক উত্তর দিতে পেরেছি এবং তারাও আমাকে স্বাগত জানিয়েছেন”।
দেশের বিভিন্ন মতের প্রথিতযশা ওলামায়ে কেরামের সঙ্গে যোগাযোগ রাখার ওপর গুরুত্ব দিয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, শুধু ইসলাম ধর্মের নেতৃবৃন্দ নয়, অন্যান্য ধর্মাবলম্বীদের নেতৃবৃন্দ ও ধর্মীয় গুরুদের কাছেও যাওয়া তার দায়িত্ব”।
তিনি বলেন, “আমার সবার কাছেই যাওয়া উচিত। হয়তো আরও আগে গেলে ভালো হতো। তাহলে যেসব ছোটখাটো ভুল বোঝাবুঝি থাকে, সেগুলো দূর হয়ে যেত। ইনশাল্লাহ আমি সবার কাছেই যাব এবং কথা বললে আশা করি ওই ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে”।
নিয়োগ নিয়ে কারও ব্যক্তিগত প্রশ্ন বা সংশয় থাকলে আলোচনার মাধ্যমে তা পরিষ্কার করা সম্ভব বলেও জানান ধর্ম প্রতিমন্ত্রী।