× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৬ মাস পর খুলল পাগলা মসজিদের দানবাক্স, পাওয়া গেল ৪৩ বস্তা টাকা

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ৪ ঘণ্টা আগে

আপডেট : ২৮ মিনিট আগে

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানের টাকার ঘটনার কাজ চলছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানের টাকার ঘটনার কাজ চলছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সগুলো দীর্ঘ ৬ মাস পর আবারও খোলা হয়েছে। 

এবার মসজিদের ১৩টি লোহার দানবাক্স থেকে রেকর্ড ৪৩ বস্তা টাকা পাওয়া গেছে। সেই সঙ্গে মিলেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার। সংশ্লিষ্টদের ধারণা, এবার সংগৃহীত অর্থের পরিমাণ ২০ কোটি টাকা ছাড়িয়ে নতুন ইতিহাস সৃষ্টি করতে পারে।

জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে শনিবার সকাল ৭টার দিকে দানবাক্সগুলো খোলা হয়। বর্তমানে চলছে টাকা গণনার বিশাল কর্মযজ্ঞ।

টাকা গণনার কাজে অংশ নিয়েছেন মসজিদ পরিচালনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সের মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় ৪ শতাধিক ব্যক্তি।

পুরো প্রক্রিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর প্রায় ৭০ জন সদস্য মোতায়েন রয়েছেন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান। 

তিনি বলেন, “পুরো কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় বিকল্প (ব্যাকআপ) পরিকল্পনাও প্রস্তুত রয়েছে।”

সাধারণত প্রতি তিন মাস পর পর দানবাক্স খোলা হলেও এবার বিভিন্ন কারণে ৬ মাস পর খোলা হয়েছে। 

এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর দানবাক্স খুলে ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা পাওয়া গিয়েছিল। এবার সময় বেশি হওয়ায় এবং দাতার সংখ্যা বাড়ায় টাকার পরিমাণ অনেক বাড়বে বলে আশা করা হচ্ছে।

জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, বর্তমানে পাগলা মসজিদের মূল তহবিলে ১১৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৫২ টাকা জমা রয়েছে। এই অর্থ দিয়ে মসজিদের উন্নয়ন ছাড়াও মাদ্রাসার ১৩০ জন এতিম শিক্ষার্থীর ভরণপোষণ, কর্মচারীদের বেতন এবং জেলার অসহায় রোগীদের চিকিৎসার ব্যয় নির্বাহ করা হয়।

তিনি আরও জানান, পাগলা মসজিদকে ঘিরে প্রায় ১১৫ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক ও নান্দনিক ইসলামিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর নকশা প্রণয়ন ও জমি ক্রয়ের কাজ চলমান। এই কমপ্লেক্সে এক সঙ্গে প্রায় ৫০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন, যেখানে নারীদের জন্য থাকবে পৃথক নামাজের ব্যবস্থা।

কিশোরগঞ্জের নরসুন্দা নদীর তীরে অবস্থিত এই মসজিদে মানত করলে মনোবাসনা পূর্ণ হয়—এমন বিশ্বাস থেকে প্রতিদিন দেশ-বিদেশের অসংখ্য মানুষ এখানে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা দান করেন। বর্তমানে এটি দেশের অন্যতম সর্বোচ্চ আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা