× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাগফিরাতের প্রথম দিন আজ

রোজাদারের অনন্য এক গুণ ধৈর্য

মুফতি মাহফুজ আবেদ

প্রকাশ : ০১ মার্চ ২০২৬ ১০:২৯ এএম

রোজাদারের অনন্য এক গুণ ধৈর্য

দেখতে দেখতে পবিত্র রমজানের দশ দিন চলে গেছে, আজ এগারোতম রোজা। আজ থেকে শুরু রমজানের মধ্যভাগ, এই ভাগ মাগফিরাতের। এর পরের দশ দিন নাজাতের। এর পরেই রমজান মাস শেষ। এটা স্বাভাবিক বিষয় যে, রমজান আসবে, যাবে। চলতি রমজানও যাচ্ছে। কিন্তু এ মাসের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেগুলোর কিছুটা যদি আমরা নিজেদের ভেতরে ধারণ করতে পারি, তাহলেই সার্থকতা। 

পবিত্র রমজানের এমন কিছু বৈশিষ্ট্য আছে, যেগুলো মানুষ অন্য সময় না করতে পারলেও এ সময় অর্জন করে। এর কিছু তো এমন বিষয়, যা মুসলমানদের জন্য সব সময়েই করণীয়। রমজানে সেগুলো আরও গুরুত্বসহকারে করা হয়। ওই গুণাবলির কিছুও যদি রমজানের পরের সময়ে ধারণ করা যায়, তাহলে মানবজীবন হবে সফল। সেসব গুণের অন্যতম হলো সবর। ধৈর্য রোজাদারের অন্যতম গুণ, গুণটি পরিপূর্ণভাবে পাওয়া যায় রোজাদারের মধ্যে। আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হয়। মসজিদে আসতে হয়। রোজা রাখতে হয়। জাকাত দিতে হয়। এই ধরনের ইবাদত করতে গিয়ে মানুষের শারীরিক প্রস্তুতিসহ অনেক প্রস্তুতি লাগে। ইবাদত করার জন্য একটা ধৈর্য লাগে, সবর লাগে।

এ ছাড়া শরিয়ত অনেক কিছু থেকেই মুসলমানদের নিষেধ করেছে। এসব থেকে বাঁচতে হলে কষ্ট হয়। তো কষ্ট হলেও ওই নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকা। এটা ধৈর্য ও সবরের পরিচয়। আবার মানুষের জীবনে কষ্ট-ক্লেশ আসে। কত রকমের আপদ-বিপদ আসে। জুলুম-নির্যাতন আসে। তখন তার জীবন দুর্বিষহ হয়ে ওঠে। এ কঠিন সময়েও শরিয়তের আওতাধীন থেকে ধৈর্য ও সবরের পরিচয় দেওয়া।

রোজাদার আল্লাহর বিধান পালন করে রোজা রাখছে। এ ক্ষেত্রে সে ইবাদতের ওপর সবর করল। রোজা রাখতে গিয়ে তাকে অনেক ধরনের গোনাহ থেকে বেঁচে থাকতে হয়। এজন্য সবরের দ্বিতীয় প্রকারও তার মধ্যে পাওয়া গেছে। রোজা রাখতে গিয়ে দিনের মধ্যভাগ ও শেষভাগের দিকে তার কষ্ট-ক্লেশ অনেক হয়। তাহলে সবরের তৃতীয় প্রকারও তার কাছে পাওয়া গেল।

মোটকথা, সবরের গুণটি রোজাদারের মধ্যে উপস্থিত থাকে। এটা যেকোনো রোজাদারের মধ্যেই থাকে। যদি সে নিয়ত করে রোজা রাখে, তাহলে এসব গুণ তার মধ্যে একসঙ্গে পাওয়া যাবে। এই সবর মানবজীবনের জন্য, বিশেষত একজন মুসলমানের জন্য অপরিহার্য বিষয়, যা তাকে তার জীবনে অনেক গোনাহ এবং সমস্যা থেকে রক্ষা করে। সে অযাচিত ক্রোধান্বিত হয়ে নিজের ক্ষতি টেনে আনা থেকে রক্ষা পায়। সবরের পুরো শিক্ষাই রয়েছে রোজার মধ্যে। সবরের গুণটি যদি আমরা রোজার বাইরের এগারো মাস ধারণ করতে পারি, তাহলে একজন সত্যিকারের মুসলিম হিসেবে আমাদের পথচলা আরও সহজ এবং সফল হবে ইনশাল্লাহ।

সবর থেকেই সংযম, সহযোগিতা ও সহমর্মিতার গুণ অর্জিত হয়। রমজানে নেক আমলের পাশাপাশি অন্যের সুখে সুখী হওয়া ও অন্যের দুঃখে দুঃখী হওয়ার তাগিদ দেয়। তা ছাড়া সহযোগিতা ও সহমর্মিতা একটি স্বতন্ত্র নেক আমল। রমজানে এর গুরুত্ব ও তাৎপর্য অন্যান্য ইবাদতের মতোই অনেকাংশে বেড়ে যায়। আল্লাহতায়ালা বলেন, ‘তোমরা সৎকর্ম ও তাকওয়ার ক্ষেত্রে একে অন্যকে সহযোগিতা করবে। গোনাহ ও জুলুমের কাজে একে অন্যের সহযোগিতা করবে না। আল্লাহকে ভয় করে চলো। নিশ্চয়ই আল্লাহর শাস্তি অতি কঠিন।’ -সূরা মায়েদা : ২

আয়াতে বর্ণিত সৎকাজ ও পাপকাজের সংজ্ঞায় হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, বির বা সৎকাজ হচ্ছে, সচ্চরিত্রতা। আর পাপ হচ্ছে, যা তোমার অন্তরে উদিত হয় অথচ তুমি চাও না যে, মানুষ সেটা জানুক। -সহিহ মুসলিম : ২৫৫৩

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা