× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রহমতের শেষ দিন আজ

পাপমুক্ত হয়ে নতুন জীবন গড়ার সুযোগ

মুফতি মাহফুজ আবেদ

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৯ এএম

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৯ এএম

পাপমুক্ত হয়ে নতুন জীবন গড়ার সুযোগ

আজ চলতি রমজানের দশম দিন। সে হিসাবে রহমতের ভাগের শেষ দিন। আগামীকাল থেকে শুরু মাগফেরাতের অংশ। মাগফেরাত অর্থ মাফ, মার্জনা, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা ও গোনাহ থেকে নিষ্কৃতি লাভ। সাধারণভাবে বলা হয়, রমজানের প্রথম ১০ দিন আল্লাহতায়ালা তার বান্দাদের প্রতি দয়া বণ্টন ও বিতরণ করতে থাকবেন। দ্বিতীয় ১০ দিন আল্লাহ তার বান্দাদের ক্ষমা করতে থাকবেন। শেষ ১০ দিন আল্লাহ তার বান্দাদের জাহান্নাম থেকে নাজাত বা মুক্তি দিতে থাকবেন।

রমজান মাসের অনন্যতা এখানেই। এ মাস আল্লাহতায়ালার অপূর্ব রহমতের বারিধারায় সমৃদ্ধ, ইবাদতের বসন্ত, মুমিনের প্রার্থিত এবং মহান আল্লাহর সান্নিধ্য লাভের সুবর্ণ সুযোগ সংবলিত মহিমান্বিত একটি মাস। মহান আল্লাহ কুরআন মজিদকে এ মাসেই অবতীর্ণ করেছেন। আবার রোজাকে এ মাসেই ফরজ করা হয়েছে। কুরআনে কারিম অবতরণের সূত্র ধরেই রমজান শ্রেষ্ঠ মাস হিসেবে স্বীকৃতি পেয়েছে। আল্লাহতায়ালা বলেন, ‘রমজান মাস, এতে মানুষের দিশারি এবং সৎপথের স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারী রূপে কুরআন অবতীর্ণ হয়েছে। সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যেন এই মাসে রোজা পালন করে।’ -সূরা বাকারা: ১৮৫

তাই রমজানের প্রকৃত তাৎপর্য অনুধাবন করে কুরআন ও সুন্নাহর আলোকে একে যথাযথভাবে পালন করাই মুমিনের মূল লক্ষ্য হওয়া উচিত। রমজানে জীবন গঠনের এক অনন্য সুযোগ আসে। রমজান মাসে ইবাদতের অনুকূল পরিবেশ বিরাজ করে। রহমত ও জান্নাতের দুয়ার খোলা থাকে, জাহান্নাম বন্ধ থাকে আর শয়তানকে বন্দি করে রাখা হয়। আল্লাহতায়ালার পক্ষ থেকে প্রতিনিয়ত কল্যাণের প্রতি অগ্রসর হওয়ার ঘোষণা আসতে থাকে। আল্লাহতায়ালা ইবাদতের সওয়াব বাড়িয়ে দেন। ক্ষমা ও অনুগ্রহের মাত্রা বৃদ্ধি করেন। প্রতিদিন ইফতারের সময় অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেন। এসবের প্রভাবে মানুষের মধ্যে ভালো কাজের প্রতি আগ্রহ জন্মায় এবং খোদাভীতি সৃষ্টি হয়। কাজেই জীবন গঠনের এক অনন্য সুযোগ হিসেবেই রমজান আগমন করে। এমন পরিবেশে যথার্থভাবে রমজানকে উদযাপন করার মাধ্যমে মহান আল্লাহর একনিষ্ঠ বান্দা হিসেবে জীবনকে সাজানোই বান্দার মূল কাম্য বিষয়। 

মুসলিম উম্মাহর জীবনে এমন এক অনন্য ও বরকতময় মাস পেয়েও এটাকে যারা কাজে লাগাতে পারে না অর্থাৎ পাপমুক্ত হয়ে নতুন জীবন গঠনের সুযোগ পায় না তারা ব্যর্থ। মহান আল্লাহ বান্দাকে ক্ষমা ও জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য রমজান মাস দান করেন। কিন্তু এ সুযোগকে কাজে লাগিয়ে যারা আল্লাহর ক্ষমাপ্রাপ্ত জীবন গঠনে ব্যর্থ, তাদের ধ্বংস অনিবার্য। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, হজরত রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক; যার কাছে আমার নাম উচ্চারিত হওয়ার পরও আমার প্রতি দরুদ পড়ে না। ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক; যার কাছে রমজান মাস এসে চলে যায় অথচ তার পাপগুলো মাফ করিয়ে নিতে পারে না। ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক; যে তার পিতা-মাতা বা তাদের একজনকে বার্ধক্য অবস্থায় পেয়েছে কিন্তু তারা তাকে জান্নাতে প্রবেশ করাতে পারেনি।’ -জামে তিরমিজি: ৩৫৪৫

রমজান হলো আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য রহমত, মাগফেরাত ও নাজাতের অপূর্ব উপহার। এ মাসে জান্নাতের দরজা উন্মুক্ত থাকে, জাহান্নামের দরজা বন্ধ থাকে এবং শয়তান শৃঙ্খলাবদ্ধ থাকে, যা আত্মশুদ্ধি ও নেক আমলের পথকে সহজ করে দেয়। অতএব, আমাদের কর্তব্য হলো রমজানকে গাফিলতিতে নয়, বরং সচেতনতা, ইখলাস ও আমলের মাধ্যমে গ্রহণ করা; যাতে এ মাস আমাদের জীবন বদলে দেওয়ার এক সফল উপলক্ষে পরিণত হয় এবং আমরা আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি অর্জনে ধন্য হতে পারি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা