× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রহমতের দ্বিতীয় দিন

আল্লাহর নৈকট্য লাভে সচেষ্ট রোজাদাররা

মুফতি মাহফুজ আবেদ

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৬ এএম

আল্লাহর নৈকট্য লাভে সচেষ্ট রোজাদাররা

বুধবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখার খবর শোনার পরপরই পাল্টে যেতে থাকে চারপাশের পরিবেশ। মসজিদে মসজিদে নামে মুসল্লির ঢল। দলে দলে মানুষ মসজিদে আসে তারাবি নামাজে অংশ নিতে। দিনে রাস্তাঘাটে অন্যদিনের তুলনায় টুপি-পাঞ্জাবি পরিহিত মানুষ বেশি দেখা গেছে। রাস্তার মোড়ে মোড়ে অস্থায়ী ইফতারির দোকানগুলো তাদের পসরা নিয়ে বসে। এমনিতে এখন চলছে ফাল্গুন মাস। স্বাভাবিকভাবেই এ সময় শীতের তীব্রতা কমে যায় এবং হালকা উষ্ণতা অনুভূত হয়, যা অত্যন্ত মনোরম। এমন মনোরম পরিবেশে রোজার প্রথম দিন অতিবাহিত করেছেন রোজাদাররা।

আজ চলতি রমজানের প্রথম শুক্রবার। জুমার দিন উম্মতে মুহাম্মদির জন্য মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে উপহারস্বরূপ। সৃষ্টিকর্তা দয়াময় আল্লাহ তায়ালা অন্য নবী-রসূল ও তাদের উম্মতের চেয়ে উম্মতে মুহাম্মদির জন্য এদিনটিকে সর্বশ্রেষ্ঠ দিন হিসেবে মনোনীত করেছেন। এদিনের বিষয়ে রসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘জুমার দিনের ব্যাপারে আল্লাহ আমাদের পূর্ববর্তীদের (ইহুদি-খ্রিস্টান) পথভ্রষ্ট করেছেন। ইহুদিদের জন্য (শ্রেষ্ঠ দিন) শনিবার আর খ্রিস্টানদের রবিবার। কেয়ামতের দিন পর্যন্ত তারা হবে আমাদের পশ্চাদগামী। আমরা পৃথিবীর মধ্যে সর্বশেষ আগমনকারী; কিন্তু সৃষ্টিকুলের বিচার অনুষ্ঠানের দিক থেকে হব সর্বপ্রথম।’ Ñইবনে মাজাহ : ১০৮৩

শুক্রবার মৃত্যুবরণ করা প্রকৃত মুসলিমের সৌভাগ্যের নিদর্শন। কেননা শুক্রবারের বরকতে এদিনে মৃত্যুবরণকারী ব্যক্তি কবরের আজাব থেকে মুক্তিলাভ করেন। হাদিসের ভাষায়, জুমার দিন অথবা রাতে কোনো মুসলিম ব্যক্তি যদি মৃত্যুবরণ করেন, তাহলে মহান আল্লাহ তাকে কবরের শাস্তি থেকে রক্ষা করেন। Ñজামে তিরমিজি : ১০৭৪

এমনিতে রমজান মাস, তার ওপর আবার আজ শুক্রবার হওয়ায় সাধারণ মানুষ স্বাভাবিকভাবে ইবাদত-বন্দেগিতে বেশি মনোনিবেশ করবেন। পবিত্র কুরআন তিলাওয়াত, জিকির-আজকার, রোজাদারকে ইফতার করানো এবং অভাবীকে খাবার প্রদান ও দান-সদকা এর অন্যতম। এসবের মাধ্যমে মানুষ আত্মার উন্নয়ন ও আল্লাহর নৈকট্য লাভে সচেষ্ট হবেন।

সিয়াম পালন মানুষকে প্রকৃত আধ্যাত্মিক ও জাগতিক মানুষ হতে অনুপ্রাণিত করে, কার্যকরভাবে সহায়তা করে। সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরের নেতৃত্ব ও সাধারণ মানুষ পবিত্র রমজানের শিক্ষা ও নির্দেশনা মেনে তাকওয়া অর্জনে সচেষ্ট হলে একটি শান্তিময় দেশ ও সমাজ গঠন সম্ভব। আল্লাহতায়ালা পবিত্র কুআনে ইরশাদ করেন, ‘হে ঈমানদারগণ, তোমাদের ওপর সিয়াম ফরজ করা হয়েছে, যেমন তা তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো।’

তাকওয়া অর্থ সতর্ক, সংযত ও সাবধান থাকা। আল্লাহর ভয়ে, আখেরাতের জবাবদিহিতার ভয়ে সব ধরনের অন্যায়, অশ্লীলতা, পাপ ও অপরাধ থেকে দূরে থাকা। বলা বাহুল্য, তাকওয়ার গুণ মানুষকে সব ধরনের পাপাচার, অন্যায়, অপরাধ, অপকর্ম, অশ্লীলতা, অনিয়ম, দুর্নীতি ও দুষ্কৃতি থেকে মুক্ত রাখতে পারে। রোজা রেখে মিথ্যাচার, পরচর্চা, ক্রোধ, হিংসা, নিন্দা, অহংকার, আত্মগর্ব, কৃপণতা, চোগলখোরিÑ এসব থেকে বিরত থাকতে বলা হয়েছে।

বলার অপেক্ষা রাখে না যে, রমজান মুসলমানদের মহামিলনের মাস। একে অপরের প্রতি সম্প্রীতি, সমবেদনা ও সহমর্মিতা প্রদর্শন রমজানের মহান শিক্ষা। পবিত্র রমজানে মুসলমানের জীবন-জীবিকার সর্বত্র সততা, সংযম ও পবিত্রতার ছোঁয়া লাগুকÑ এ কামনা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা