× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভূমিকম্পের কারণ ও শিক্ষা প্রসঙ্গে ইসলাম

শাহীন হাসনাত

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫ ১৭:২১ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গত এক সপ্তাহে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। পবিত্র কুরআন-হাদিসে ভূমিকম্পের ভয়াবহতার কথা নানাভাবে বলা হয়েছে। কুরআন মাজিদের একটি সূরা রয়েছে জিলজাল নামে। মদিনায় অবতীর্ণ হওয়া ৮ আয়াতবিশিষ্ট ওই সূরার প্রথম শব্দ জিলজাল থেকে সূরার নামকরণ। সূরা জিলজালে কেয়ামতের ভয়াবহতা উল্লেখপূর্বক মানুষকে সচেতন করা হয়েছে। এ সূরায় স্পষ্টভাবে বলা হয়েছে, এক প্রচণ্ড ভূমিকম্পের মাধ্যমে এই দুনিয়ার ইতি ঘটবে, আকাশ ও পৃথিবী সব সেদিন ওলটপালট হয়ে যাবে। এ কারণে ভূমিকম্পের বিষয়ে মানুষ বেশি ভীত থাকে। তা ছাড়া এখন পর্যন্ত কোনো যন্ত্র আবিষ্কার হয়নি, যার মাধ্যমে ভূমিকম্পের বিষয়ে আগাম সতর্কবার্তা মেলে। 

ইসলামী চিন্তাবিদদের মতে, আল্লাহতায়ালার পক্ষ থেকে ভূমিকম্পের বিপদ কোনো সাধারণ ঘটনা নয়, এটি মানুষের জন্য গভীর সতর্কবার্তা। এ প্রসঙ্গে পবিত্র কুরআনে ইরশাদ হয়েছেÑ ‘আমি তোমাদেরকে ভয়, ক্ষুধা ও ক্ষতি দিয়ে এবং প্রাণহানি ও সম্পত্তি এবং ফলফলাদির স্বল্পতার মাধ্যমে পরীক্ষা করব। আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন।’Ñ সূরা বাকারা : ১৫৫

এ জাতীয় ঘটনাকে গুনাহ ও অন্যায়ের সতর্কবার্তা হিসেবে দেখার কথা বলা হয়েছে হাদিসে। হজরত আলী বিন আবু তালেব (রা.) থেকে বর্ণিত, হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আমার উম্মত যখন ১৫টি বিষয়ে লিপ্ত হবে, তখন তাদের ওপর বিপদ-আপদ নেমে আসবে। প্রশ্ন করা হলোÑ হে আল্লাহর রাসুল, তা কী কী? তিনি বললেন, যখন গনিমতের সম্পদ ব্যক্তিগত সম্পদে পরিণত হবে, আমানত লুটের সম্পদে পরিণত হবে, জাকাত জরিমানা হিসেবে গণ্য হবে, পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে এবং মায়ের অবাধ্য হবে, বন্ধুর সঙ্গে ভালো ব্যবহার করবে, কিন্তু পিতার সঙ্গে খারাপ ব্যবহার করবে, মসজিদে শোরগোল করা হবে, সবচেয়ে খারাপ চরিত্রের লোক হবে তার সম্প্রদায়ের নেতা, কোনো ব্যক্তিকে তার অনিষ্টতার ভয়ে সম্মান করা হবে, মদ পান করা হবে, রেশমি বস্ত্র পরিধান করা হবে, নর্তকী-গায়িকাদের প্রতিষ্ঠিত করা হবে, বাদ্যযন্ত্রগুলোর বৃদ্ধি হবে এবং এই উম্মতের শেষ সময়ের লোকেরা তাদের পূর্ব যুগের লোকদের অভিসম্পাত করবে, তখন তোমরা একটি অগ্নিবায়ু অথবা ভূমিধস অথবা চেহারা বিকৃতির আজাবের অপেক্ষা করবে।’Ñ জামে তিরমিজি : ২২১০

ভূমিকম্পের মাধ্যমে মানুষ কেয়ামতের কথা স্মরণ করে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ‘নিশ্চয় কেয়ামতের ভূকম্পন একটি ভয়াবহ ব্যাপার। সেদিন তোমরা দেখবে প্রত্যেক স্তন্যদানকারী আপন দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে, আপনি দেখবেন মানুষকে মাতালের মতো অথচ তারা মাতাল নয়। তবে আল্লাহর আজাবই কঠিন।’Ñ সূরা হজ : ১-২

ভূমিকম্প থেকে আমাদের জন্য শিক্ষা ও করণীয় হলোÑ আল্লাহর শক্তি ও কুদরত উপলব্ধি করা। তার নির্দেশিত পথে জীবন পরিচালিত করা। মহান আল্লাহ ইরশাদ করেছেনÑ ‘যখন প্রবল কম্পনে জমিন প্রকম্পিত হবে। আর জমিন তার বোঝা বের করে দেবে। আর মানুষ বলবে, এর কী হলো? সেদিন জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে। কারণ আপনার রব তাকে নির্দেশ দিয়েছেন। সেদিন মানুষ বিক্ষিপ্তভাবে বের হয়ে আসবে, যাতে দেখানো যায় তাদেরকে তাদের নিজদের কৃতকর্ম।’Ñ সূরা জিলজাল : ১-৬

আজকের পৃথিবীতেও ভূমিকম্পসহ নানা প্রাকৃতিক দুর্যোগ আমাদের মনে করিয়ে দেয়, মানুষ যত শক্তিশালীই হোক, আল্লাহর ইচ্ছার কাছে সে সর্বদা অসহায়। কয়েক দিনের ব্যবধানে হওয়া ভূমিকম্পের ঘটনা থেকে আমাদের সতর্ক হতে হবে। যাবতীয় পাপের পথ পরিহার করে মহান আল্লাহর হুকুম-আহকামমতো জীবন পরিচালনা করতে হবে। অতীতের গুনাহ থেকে পরিত্রাণ পেতে অধিক পরিমাণে তওবা-ইস্তেগফার পড়ার অভ্যাস করতে হবে। এমনিতেও নানা ধরনের বিপদ, রোগ ও শোক ইত্যাদি থেকে বাঁচতে বেশি বেশি তওবা-ই্স্তেগফার করার কথা ইসলামে বলা হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ আমল বেশি বেশি করা, সেই সঙ্গে দান-সদকা করার তৌফিক দিন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা