আলী আজম
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫ ১৮:৫৩ পিএম
কৃত্রিম কারুকার্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের সমন্বয়ে নির্মিত হয়েছে খুলনার দারুল উলুম জামে মসজিদ। এই মসজিদের আরেক নাম ‘তালাবওয়ালা জামে মসজিদ’।
জেলার ঐতিহ্যবাহী এই মসজিদে রয়েছে সাদা টাইলসে মোড়ানো নান্দনিক মিনার। দৃষ্টিনন্দন শাহি গেট। মিনার থেকে প্রধান ফটক পর্যন্ত কারুকার্য যেন একটির থেকে আরেকটির সৌন্দর্য বেশি। রয়েছে সুসজ্জিত বাগান, যেখানে দেখা মিলবে শোভাবর্ধনকারী দেশি-বিদেশি নানা উদ্ভিদের। ভেতরে রয়েছে আলো ঝলমলে লাইটিং ব্যবস্থা। মসজিদের ভেতরে ঢুকতেই চোখে পড়ে বড় বড় ক্যাকটাস গাছ। প্রায় দুই হাজার মুসল্লির নামাজ পড়ার ব্যবস্থা সংবলিত মসজিদের চারপাশ ঘিরে রয়েছে অনেকগুলো মিনার। সর্ববৃহৎ মিনারটি ‘আব্দুল জব্বার মিনার’ নামে পরিচিত।
মসজিদটি প্রতিষ্ঠিত হয় ১৯৬৭ সালে। এর মিনারটির উচ্চতা ২২৬ ফুট। জানা যায়, ১৯৬৭ সালে খুলনা মহানগরীর মুসলমানপাড়ায় প্রতিষ্ঠিত হয় জামিয়া ইসলামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা। আল্লামা শামছুল হক ফরিদপুরী (রহ.)-এর অনুপ্রেরণায় বিশিষ্ট সমাজসেবক মরহুম আবদুল হাকিম জমাদ্দারের পৃষ্ঠপোষকতায় মাওলানা মুজিবুর রহমান (রহ.) এটি প্রতিষ্ঠা করেন। এই মসজিদের নির্মাণকাজ, নির্মাণশৈলী এবং চারপাশের পরিবেশের জন্য দর্শনার্থীদের কাছে বিখ্যাত। ফলে দূর-দূরান্ত থেকে মুসল্লিরা এখানে নামাজ পড়তে আসেন। মসজিদটি খুলনার ইতিহাসের সাক্ষী।