প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫ ১১:১৬ এএম
ছবি: সংগৃহীত
আল-কুরআনের বাণী
আল্লাহতায়ালা বলেন, ‘তোমাদের পূর্বে জিন ও মানবের যেসব সম্প্রদায় গত হয়েছে, তাদের সঙ্গে তোমরাও অগ্নিতে প্রবেশ করো।’ প্রতিবার যখনই এক সম্প্রদায় ওখানে প্রবেশ করবে, তখন তারা অন্য সম্প্রদায়কে অভিসম্পাত করবে। এমনকি যখন তাতে সবাই পতিত হবে, তখন পরবর্তীরা পূর্ববর্তীদের সম্পর্কে বলবে, ‘হে আমাদের প্রতিপালক। এরাই আমাদের বিপথগামী করেছিল। অতএব আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি দিন।’ আল্লাহ বলব্নে, ‘প্রত্যেকেরই দ্বিগুণ : তোমরা জানো না।’
আল-হাদিস থেকে
হজরত উমর ইবন কাসির বলেন, আমি ইবন সাফিনাকে বর্ণনা করতে শুনেছি, তিনি নবী করিম (সা.)-এর স্ত্রী উম্মে সালমা (রা.) কে বলতে শুনেছেনÑ তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (সা.) কে বলতে শুনেছি, কোনো বান্দাহর ওপর মুসিবত এলে যদি সে বলে, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’, ‘আল্লাহুম্মা আজিরনী ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খাইরাম মিনহা’ (অর্থাৎ আমরা আল্লাহর জন্য এবং আমরা তাঁরই কাছে ফিরে যাব। হে আল্লাহ! আমাকে এ মুসিবতের বিনিময় দান করো এবং এর চেয়ে উত্তম বস্তু দান করো), তাহলে আল্লাহ তাকে তার মুসিবতের বিনিময় দান করে তাকে এর চেয়ে উত্তম বস্তু দান করবেন। উম্মে সালমা (রা.) বলেন, এরপর যখন আবু সালমা ইন্তেকাল করেন, আমি এরূপ দোয়া করলাম যেরূপ রাসুলুল্লাহ (সা.) আদেশ করেছেন। এরপর মহান আল্লাহ আমাকে তাঁর চেয়েও উত্তম নিয়ামত অর্থাৎ রাসুলুল্লাহ (সা.)কে স্বামীরূপে দান করেছেন।