আজ বিজয়া দশমী
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫ ০৯:১৩ এএম
প্রবা ফটো
আজ বৃহস্পতিবার বিজয়া দশমী। এদিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এর মধ্য দিয়ে বাপের বাড়ি ছেড়ে স্বামীর বাড়ি কৈলাশে ফিরে যাবেন দেবী দুর্গা। সেইসঙ্গে শুরু হবে দেবীর আগমন ও শারদীয় দুর্গোৎসবের জন্য ফের একটি বছর অপেক্ষার। এমনই আবহে গতকাল বুধবার মহানবমীতে মন্দির, মণ্ডপে যেন মিলেমিশে গেছে আনন্দ-বেদনা। পূজার উদ্যাপন আর দেবীকে বিদায়ের সুর বেজেছে ভক্তের হৃদয়ে। যে কারণেই দেবীকে শেষবরের মতো নয়ন ভরে দেখায় ব্যস্ত ছিলেন ভক্তরা। এদিকে দেশের হিন্দু সম্প্রদায়কে শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই বাণীতে তিনি বলেছেন, ‘আপনারা নিরাপদে আনন্দ উদ্যাপন করুন। সৌহার্দ্য, সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন।’
গতকাল সকালে কল্পারম্ভ ও বিহিত পূজার মাধ্যমে শুরু হয় নবমীর আনুষ্ঠানিকতা। পূজা শেষে ভক্তরা দেবীর চরণে অঞ্জলি নিবেদন করেন। রাজধানীর মণ্ডপগুলোতে বিকালের আগপর্যন্ত নবমীর উৎসব ছিল শান্তলয়ের। সব মণ্ডপেই হোমাগ্নিতে করা হয় দেবীর স্তুতি। এর বাইরে প্রথা মেনে কোনো কোনো মন্দিরে হয়েছে নবমীর বিশেষ পূজা। নীল অপরাজিতা ফুল নবমী পূজার বিশেষ অনুষঙ্গ। নবমী পূজায় যজ্ঞের মাধ্যমে দেবী দুর্গার কাছে আহুতি দেওয়া হয়। ১০৮টি বেল পাতা, আম কাঠ, ঘি দিয়ে এই যজ্ঞ করা হয়। পূজা শেষে যথারীতি অঞ্জলি। প্রতিটি মণ্ডপেই কয়েক দফা করে পুষ্পাঞ্জলি দেওয়া হয়। এরপরই ভক্তদের মাঝে বিতরণ করা হয় প্রসাদ। বলা হয়ে থাকে, নবমী পূজার মাধ্যমে মানবকুলে সম্পদ লাভ হয়।
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী সম্প্রীতি ও ঐক্যের এই শারদ উৎসব শেষ হবে আজ। এদিন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের পূজা শুরু হবে সকাল ৬টা ৩০ মিনিটে। ৯টা ৫০ মিনিটের মধ্যে দর্পণ বিসর্জন এবং সন্ধ্যার পর প্রতিমা বিসর্জন করা হবে।
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের প্রধান পুরোহিত ধর্মদাশ চট্টোপাধ্যায় বলেন, নবমীতে এসেই পূজার ষোলোকলা পূর্ণ হয় এবং বিদায়ের সুর বাজে। দশমীতে বিদায় জানানো হয়। দর্পণে বিসর্জনের মধ্য দিয়ে প্রতীকীভাবে মায়ের বিদায় জানানো হয়।
বিসর্জনের আগে দুর্গাপূজায় সর্বশেষ রীতিটি হচ্ছে ‘দেবী বরণ’। এটি শুরু হয় বিবাহিত নারীদের সিঁদুর খেলার মাধ্যমে। বিবাহিত নারীরা সিঁদুর, পান ও মিষ্টি নিয়ে দুর্গা মাকে সিঁদুর ছোঁয়ানোর পর একে-অপরকে সিঁদুর মাখিয়ে দেন। তারা এই সিঁদুর মাখিয়ে দুর্গা মাকে বিদায় জানান।
আজ বেলা ৩টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে বের হবে শোভাযাত্রা। এর আগে ঢাকা শহরের বিভিন্ন পূজামণ্ডপ থেকে প্রতিমা নিয়ে ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে এসে জড়ো হবে। পরে নগরীর ওয়াইজঘাট, তুরাগ, ডেমরা, পোস্তগোলা ঘাটে বিসর্জন করা হবে প্রতিমা।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর জানান, নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এবার সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জনের নির্দেশনা দেওয়া হয়েছে।