অরুপ রতন
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪০ এএম
বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের হাজারকি গ্রামে দাঁড়িয়ে আছে প্রায় পাঁচশ বছরের পুরনো আলিয়া মসজিদ। স্থানীয়ভাবে কেউ একে আলিয়া মসজিদ, কেউ আবার ‘জিনের মসজিদ’ নামেও ডাকেন। গ্রামীণ সবুজ-শ্যামল পরিবেশে ঘেরা এই মসজিদটি ইতিহাস ও ঐতিহ্যের অনন্য নিদর্শন হয়ে আজও টিকে আছে।
শহর থেকে প্রায় ২০ কিলোমিটার পূর্বে অবস্থিত এই মসজিদটি আবিষ্কৃত হয় প্রায় ২৫ বছর আগে। স্থানীয়দের ভাষ্য, হাজারকি গ্রামের পূর্বপাশে আলিয়া পুকুরপাড়ের জঙ্গল পরিষ্কার করতে গিয়ে মসজিদটির অস্তিত্ব প্রকাশ পায়। এরপর থেকেই এটি এলাকাবাসীর আগ্রহ ও দর্শনার্থীদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
মসজিদটির দৈর্ঘ্য ও প্রস্থ মাত্র ১৩ ফুট, উচ্চতা প্রায় ২২ ফুট। ভেতরে সর্বোচ্চ সাতজন মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। পূর্ব দিকে রয়েছে তিন ফুট উচ্চতার প্রবেশদ্বার। ভেতরে রয়েছে ছোট্ট একটি মিহরাব এবং কোণায় কারুকার্যময় নকশা, যা এখনও স্পষ্ট দেখা যায়। বাইরের দেয়ালে পোড়া ইট ক্ষয়ে গেলেও ভেতরের গম্বুজ ও কাঠামো এখনও মজবুত ও দৃষ্টিনন্দন।
কোনো নামফলক বা শিলালিপি না থাকায় এর নির্মাণকাল ও নির্মাতার পরিচয় জানা যায়নি। বর্তমানে মসজিদটির গায়ে শ্যাওলা ও আগাছা জমে আছে। অযত্ন-অবহেলায় পড়ে থাকলেও স্থানীয় উদ্যোগে দুবার সংস্কার করা হয়েছে। তবে সরকারি পর্যায়ে এখনও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এলাকাবাসীর দাবিÑ অবিলম্বে এই প্রাচীন মসজিদ সংরক্ষণের উদ্যোগ নিতে হবে।