প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২০ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২৯ পিএম
ছবি: তাফসীরে মারেফুল কোরআন
তাফসীরে মারেফুল কোরআন ইসলামি সাহিত্যের এক মহীরুহ । কুরআন মাজীদের গভীর ব্যাখ্যা, সহজবোধ্য ভাষা এবং আধ্যাত্মিক দিকনির্দেশনার সমন্বয়ে গ্রন্থটি আজ বাংলা ভাষাভাষী পাঠকদের কাছে হয়ে উঠেছে অপরিহার্য। এই গ্রন্থের মূল রচয়িতা হলেন ইসলামী চিন্তাবিদ ও পাকিস্তানের সাবেক গ্র্যান্ড মুফতি মুফতি মুহাম্মদ শফী (রহ.)। তাঁর রচিত উর্দু তাফসীর মাআরিফুল কোরআন পরবর্তীতে বাংলায় অনুবাদ করেন মাওলানা মুহিউদ্দীন খান। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে প্রকাশিত হয়েছে এর বাংলা সংস্করণ, যা তাফসীরে মারেফুল কোরআন নামে সুপরিচিত।
বাংলা অনুবাদে তাফসীরে মারেফুল কোরআন মোট আট খণ্ডে প্রকাশিত হয়েছে। প্রতিটি খণ্ডে রয়েছে কুরআনের সূরা অনুযায়ী ধারাবাহিক ব্যাখ্যা। প্রথম খণ্ডে সূরা ফাতিহা ও বাকারা, আর শেষ খণ্ডে সূরা মুহাম্মদ থেকে সূরা নাস পর্যন্ত বিশদ ব্যাখ্যা অন্তর্ভুক্ত রয়েছে। গ্রন্থটির ব্যাখ্যায় হাদিস, ফিকহি মাসায়েল, আকীদা এবং প্রাসঙ্গিক সামাজিক শিক্ষার সমন্বয় করা হয়েছে।
পাঠকরা জানান, তাফসীরে মারেফুল কোরআন শুধু তাফসীর নয়, এটি এক আধ্যাত্মিক দিকনির্দেশনার উৎস, যা হৃদয়ে ঈমানের জ্যোতি ছড়ায়। এই বইয়ের বিশেষ বৈশিষ্ট্য হলো এর সহজবোধ্যতা।
তাফসীরে মারেফুল কোরআন শুধু শাব্দিক অনুবাদ নয়, বরং আয়াতের প্রেক্ষাপট, শানে নুযুল, ইসলামী শরীয়তের বিধান এবং আধুনিক জীবনের সঙ্গে সম্পর্কিত দিকগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। গবেষকরা এটিকে যুগোপযোগী তাফসীর হিসেবে মূল্যায়ন করেছেন।