× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাসিতে রয়েছে ইবাদতের সওয়াব

মুহাম্মদ এনায়েত কবীর

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৩ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হাসি সুখ-স্বাচ্ছন্দ্য ও আন্তরিকতার প্রতীক। হাসিতে দূর হয় মনোকষ্ট। কেটে যায় বিষাদ ও হতাশার কালো মেঘ। হাসিতে বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা। বৃদ্ধি হয় মনোবল ও কর্মক্ষমতা। জীবনে আসে গতি, উদ্যমতা ও চাঞ্চলতা। হাসি একটি স্বভাবগত বিষয়। কিন্তু কিছু হাসিতে পাওয়া যায় ইবাদতের সওয়াব। ভারী হয় আমলনামা। আমাদের প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.) ইরশাদ করেন, ‘অপরের সঙ্গে সাক্ষাতে মুচকি হাসাও একটি সদকা।’ সুনানে তিরমিজি, হাদিস নং : ১৯৫৬

তাই নবীজি সর্বদা হাস্যোজ্জ্বল থাকতেন। হাস্যোজ্জ্বল থাকতে উৎসাহিত করতেন। হাস্যোজ্জ্বল মানুষকে সবাই আপন ভাবে। হাস্যবদন বা প্রফুল্লতাকে আল্লাহও পছন্দ করেন। নবীজি (সা.) বলেন, ‘যে ব্যক্তি কোনো মুসলমানকে খুশি করার জন্য এমনভাবে সাক্ষাৎ করে, যেমনটি সে নিজের জন্য পছন্দ করে। তাহলে কেয়ামতের দিন এর বিনিময়ে আল্লাহতায়ালা তাকেও খুশি করবেন।’ মাজমাউজ যাওয়ায়েদ, হাদিস : ১৩৭২১

কোনো নেক আমলই ছোট নয়। সাধারণ আমলও নাজাতের উসিলা হতে পারে। অন্যের সঙ্গে হাসিমুখে কথা বলা ছোট আমল মনে হতে পারে। কিন্তু নবীজি এ আমলকেও তুচ্ছ ভাবতে নিষেধ করেছেন। তিনি ইরশাদ করেন, ‘তোমরা কোনো ভালো কাজকেই তুচ্ছ ভেবো না; যদি সেটা তোমার ভাইয়ের সঙ্গে হাসিমুখে দেখা করাও হয়।’ সহিহ মুসলিম : ২৬২৬

গোমড়া মুখ কেউ পছন্দ করে না। এড়িয়ে যায়। পরস্পর সম্পর্কে সৃষ্টি করে ভুল বোঝাবুঝি। তৈরি হয় দূরত্ব ও বৈরিতা। এর বিপরীতে মুচকি হাসি পরস্পরের সম্পর্কে আনে নতুন মাত্রা। অর্জিত হয় সদকার সওয়াব। প্রকাশ পায় মানুষের চরিত্রের কোমলতা ও সৌন্দর্যবোধ। প্রফুল্লতা বা হাসিমুখ থাকা আল্লাহর নেয়ামত। এক হাদিসে নবীজি ইরশাদ করেন, ‘ফুরফুরে মেজাজে থাকা আল্লাহর নেয়ামত সমূহের অন্যতম একটি নিয়ামত।’ সুনানে ইবনে মাজাহ : হাদিস-২১৪১

অপর হাদিসে হজরত মুহাম্মদ (সা.) বলেন, ‘তোমার কোনো ভাইয়ের সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ করা এবং অপরের পাত্রে পানি ঢেলে দেওয়া নেক আমলের অন্তর্ভুক্ত। সুনানে তিরমিজি : ১৯৭০

হজরত জারির ইবনে আব্দুল্লাহ (রা.) বলেন, নবীজি যখনই আমার দিকে তাকাতেন, তখনই মুচকি হাসতেন। সহিহ বোখারি : ৩০৩৫

চেহারাকে মেঘলা আকাশ বানিয়ে রাখা, ভ্রু কুঁচকে অবজ্ঞাভরে কথা বলা নিন্দনীয় স্বভাব। কুরআনে এমন আচরণের তিরস্কার করা হয়েছে। আল্লাহতায়ালা বলেন, ‘তুমি মানুষের প্রতি অবজ্ঞাভরে গাল ফুলিও না এবং জমিনে উদ্ধতভাবে বিচরণ করো না; নিশ্চয় আল্লাহতায়ালা কোনো অহংকারীকে পছন্দ করেন না।’ সুরা লোকমান : ১৮

নবীজি সবার সঙ্গে হাসিমুখে কথা বলতেন। হজরত আবদুল্লাহ ইবনে হারিস (রা.) বলেন, আমি নবীজির চাইতে বেশি মুচকি হাসতে আর কাউকে দেখিনি। সুনানে তিরমিজি : ৩৬৪১

হজরত আবু যর গিফারি (রা.) থেকে বর্ণিত। নবীজি বলেন, তোমার ভাইয়ের সঙ্গে হাসিমুখে দেখা করা সদকা। পথহারা মানুষকে পথ দেখিয়ে দেওয়া, অন্ধ বা দুর্বল দৃষ্টিশক্তির মানুষকে সাহায্য করা সদকা। পথের কাঁটা বা বাধা সরিয়ে দেওয়া, নিজের বালতি থেকে অন্য ভাইয়ের বালতিতে পানি দিয়ে ভরে দেওয়াও সদকা। সুনানে তিরমিজি : ১৯৫৬

তবে অন্যের মনোযোগ আকর্ষণের জন্য মিথ্যা বলে মানুষ হাসানো পাপ। নবীজি ইরশাদ করেন, ধ্বংস ওই ব্যক্তির জন্য, যে মিথ্যা কথা বলে মানুষ হাসায়। আবু দাউদ, হাদিস : ৪৯৯০

মুচকি হাসিতে থাকে মায়া, থাকে প্রশান্তি। মুচকি হাসিতে প্রকাশ পায় ভালোবাসা। মুচকি হাসির স্নিগ্ধতার কাটুক সবার জীবন। সমাজ থেকে দূর হোক সব দূরত্ব ও বিদ্বেষের কালো মেঘ।

শিক্ষক, শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন চৌধুরীপাড়া মাদ্রাসা, হাতিরঝিল, ঢাকা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা