প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫ ১৫:৫৭ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর শেরেবাংলা নগরস্থ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় হজ ও ওমরাহ মেলা। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন মেলার উদ্বোধন করেন। আয়োজক হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) জানিয়েছে, মেলা চলবে আগামী শনিবার (১৬ আগস্ট) পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার ও মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারসহ অন্যান্য কমিটির সদস্য উপস্থিত ছিলেন।
ধর্ম উপদেষ্টা জানান, সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় ধর্ম মন্ত্রণালয় ও হাব একসঙ্গে কাজ করছে। ফলে গত মৌসুমে কোনো হাজি অভিযোগ করেননি। ২০২৬ সালের হজকে আরও সফল করতে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। তিনি মিনায় পানি সংকট, নিম্নমানের বিছানা ও খাবারের মান উন্নয়নে সৌদি কর্তৃপক্ষের কাছে দাবি জানানোর আশ্বাস দেন।
হাবের মহাসচিব ফরিদ আহমেদ বলেন, মেলায় অংশগ্রহণকারীরা বিভিন্ন হজ প্যাকেজ যাচাই করে মধ্যস্বত্বভোগী ছাড়া সরাসরি এজেন্সির সঙ্গে চুক্তি করতে পারবেন। প্যাকেজে থাকবে ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়।
তিনি আরও জানান, ২০২৬ সালের হজ রোডম্যাপ অনুযায়ী বাধ্যতামূলক ক্যাটারিং সার্ভিস ও মুয়াল্লিমের মাধ্যমে বাসা ভাড়ার নিয়মের কারণে হাজিদের ব্যয় কিছুটা বাড়তে পারে। এ বিষয়ে মন্ত্রণালয় ইতিমধ্যেই সৌদি কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছে।
হাব জানিয়েছে, যদিও বেশির ভাগ হজযাত্রী গ্রামীণ এলাকার, এজেন্সিগুলোর কার্যক্রম ঢাকাকেন্দ্রিক। এই মেলার মাধ্যমে দেশের সব হজ এজেন্সি ও হাজিদের মধ্যে যোগাযোগের সুযোগ তৈরি হবে।