× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোজা হোক আমাদের ঢাল

শাহীন হাসনাত

প্রকাশ : ১৪ মার্চ ২০২৫ ১৫:০৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রমজান মাস বান্দার জন্য অনেক বড় নেয়ামত। এ মাসের দিবস-রজনিকে দয়াময় আল্লাহ যাবতীয় মঙ্গল, কল্যাণ ও বরকত দ্বারা পূর্ণ করে রেখেছেন। তাকওয়া অর্জনের অনুশীলনের জন্য এবং ইবাদত-বন্দেগি ও আল্লাহর নৈকট্য অর্জনের সব আমলের জন্য ভরা বসন্ত বানিয়েছেন। এ মাস শুধু একটি মাসই নয়, বরং গোটা বছরের এটা তাপকেন্দ্র। এ মাস থেকেই মুমিন গোটা বছরের তাকওয়ার সঞ্চয় গ্রহণ করে। গোটা বছরের ইমানি প্রস্তুতি এ মাস থেকেই গ্রহণ করে।

হাদিসের ভাষায়, আল্লাহতায়ালার কসম! মুসলমানদের জন্য এর চেয়ে উত্তম মাস আর নেই এবং মুনাফিকদের জন্য এর চেয়ে ক্ষতির মাসও আর নেই। মুসলমান এ মাসে (গোটা বছরের জন্য) ইবাদতের শক্তি ও পাথেয় সঞ্চয় করে।’ Ñমুসনাদে আহমদ : ২/৩৩০

আল্লাহতায়ালা যেমন রমজানকে কল্যাণ ও বরকত এবং আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য অর্জনের মৌসুম বানিয়েছেন, তেমন গোটা বছরের ইমানি শক্তি অর্জনের কেন্দ্র বানিয়েছেন। এর সঙ্গে আরও অনুগ্রহ করেছেন যে, এ মাসে সৃষ্টিজগতে এমন অনেক অবস্থা ও পরিবর্তনের সূচনা করেন যা গোটা পরিবেশকেই কল্যাণ ও বরকত দ্বারা ভরপুর করে দেয়।

হাদিস শরিফে এসেছে, এ মাসে আল্লাহর হুকুমে জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের সব দরজা বন্ধ করে দেওয়া হয়। বড় বড় জিন ও শয়তানকে বন্দি করা হয় এবং আল্লাহর পক্ষ থেকে এক ঘোষক ঘোষণা করতে থাকে, ‘হে কল্যাণ অন্বেষী, অগ্রসর হও, হে অকল্যাণের পথিক, থেমে যাও।’ এসবের প্রভাবে রমজান মাসে চেতনে বা অবচেতনে ভালো কাজের দিকে আগ্রহ হতে থাকে। সৌভাগ্যশালী ওইসব ব্যক্তি, যারা এ আসমানি প্রেরণাকে মূল্য দেয় এবং আগ্রহের সঙ্গে কর্মের ময়দানে ঝাঁপিয়ে পড়ে।

আমরা যদি রমজানের ফজিলত সম্পর্কে অবগত হই তবে বুঝতে পারব, রমজান হলো ব্যবসার মৌসুম। কিন্তু কোথাকার ব্যবসা? রমজান হলো আখেরাতের ব্যবসার মৌসুম। যে ব্যবসার মাধ্যমে মানুষ আখেরাতের কঠিন শাস্তি থেকে মুক্তি পাবে, যে ব্যবসার লভ্য হলো মহান আল্লাহর সন্তুষ্টি, যে ব্যবসায় সফল হওয়া ছাড়া দুনিয়ার সব কাজ ও ব্যবসা শুধুই ব্যর্থতা ও ব্যর্থতা।

রমজানে দুনিয়ার ব্যবসা নিষিদ্ধ নয়। তবে মনে রাখা দরকার, প্রকৃত পক্ষে রমজান মাস হলো আখেরাতের ব্যবসার মৌসুম। এ মাসের সময়গুলো খুব বেশি বেশি ইবাদত-বন্দেগিতে অতিবাহিত করা উচিত। অন্তত ফরজ রোজা এবং সুন্নতে মোয়াক্কাদা তারাবির সঙ্গে সেহরির সময় তাহাজ্জুদ, কিছু পরিমাণে হলেও জিকির-আজকার ও কুরআন মাজিদ তেলাওয়াত প্রত্যেকেরই করা উচিত। এ মাসে বাজারের ব্যবসাবাণিজ্যে এত মগ্ন হওয়া উচিত নয় যে, ফরজ নামাজের জামাত ও তারাবি ছুটে যায়। এ ছাড়া ব্যবসায় ধোঁকাবাজি ও প্রতারণা এবং সুদ ও জুয়াসহ অন্য সব হারাম কার্যকলাপ থেকে তো সারা বছরই বেঁচে থাকা ফরজ, রমজান মাসে এর অপরিহার্যতা আরও বেড়ে যায়। কেননা, বরকতপূর্ণ সময়ের গুনাহও অত্যন্ত কঠিন ও ধ্বংসাত্মক হয়ে থাকে।

হাদিসে রোজাকে ঢাল বলা হয়েছে। জাহান্নাম থেকে ঢাল। তাই আমাদের দায়িত্ব হলো এ ঢাল অক্ষুণ্ন রাখা; বিদীর্ণ হওয়া থেকে রক্ষা করা। ইরশাদ হয়েছে, ‘রোজা ঢালস্বরূপ, যতক্ষণ না তা বিদীর্ণ করে ফেলা হয়।’ Ñমুসনাদে আহমাদ : ১৬৯০

আরেক বর্ণনায় এসেছে, নবী কারিম (সা.)-কে জিজ্ঞেস করা হলো, কীভাবে তা বিদীর্ণ হয়? নবীজি (সা.) বললেন, মিথ্যা অথবা গিবতের মাধ্যমে। Ñআল মুজামুল আওসাত : ৪৫৩৬

হাদিস শরিফে আরও এসেছে, ‘যে মিথ্যা কথা ও কাজ এবং মূর্খসুলভ আচরণ ছাড়ল না, তার পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই।’ Ñসহিহ বোখারি : ৬০৫৭

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা