আরিফুল আমিন
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫ ১৫:৪৭ পিএম
হাজীগঞ্জ বড় মসজিদ
হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের অবস্থান চাঁদপুর জেলার উপজেলার হাজীগঞ্জ বাজারের মধ্যবর্তী স্থানে। জেলা শহরের ২০ কিলোমিটার পূর্বে কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের পাশে হাজীগঞ্জ বাজারে মসজিদটি অবস্থিত।
শৈল্পিক কারুকার্যময় এই মসজিদটি আয়তনে দেশের সর্ববৃহৎ মসজিদগুলোর অন্যতম। আনুমানিক ১৯৩১ খ্রিস্টাব্দে মসজিদটি নির্মিত।
মসজিদটির প্রথম উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা হাজী আহম্মদ আলী পাটওয়ারী। মসজিদটি প্রথমে একচালা খড়ের ইবাদতখানা, পরে খড় ও গোলপাতা দিয়ে তৈরি দোচালা নির্মাণ হয়। সে সময়ে হাজীগঞ্জ বা এর আশপাশের এলাকাতে কোনো ইটভাটা ছিল না। তখন মসজিদের উদ্যোক্তা একটি ইটভাটা তৈরি করেন। তারপর সেখানে ইট তৈরি করে সেই ইট দিয়ে মসজিদটি নির্মাণ করেন।
এ ছাড়াও তিনি মসজিদ নির্মাণের জন্য জাহাজ ভাড়া করে ভারতের কলকাতায় গিয়ে লোহার বিম ও মর্মর পাথর কিনে আনেন। পরবর্তীতে মসজিদটির কাজ ১৯৩৭ খ্রিস্টাব্দের দিকে শেষ হয়। ২৮,৪০০ বর্গফুটের বিশাল এই মসজিদে একসঙ্গে ১০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মসজিদে প্রায় ১৮৮ ফুট উঁচু দৃষ্টিনন্দন মিনার রয়েছে। মসজিদের মেহরাবটি কাচের ঝাড়ের টুকরো নিখুঁতভাবে কেটে কেটে মনোরম ফুলের ঝাড়ের মতো আকর্ষণীয় নকশায় সাজিয়ে তোলা। মাঝের অংশটি আকর্ষণীয় পিলার ও ঝিনুকের মোজাইক দিয়ে নির্মিত। সুউচ্চ মিনারের চূড়ায় ওঠাতে মিনারের ভেতরে তৈরি করা হয়েছে সিঁড়ি। দৃষ্টিনন্দন মসজিদটির নির্মাণশৈলী এক নজর দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন হাজারো পর্যটক।