প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ মার্চ ২০২৫ ১৭:৩৮ পিএম
হাফেজ রাফি হাসান।
২০২৫ সালে সৌদি আরবে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছেন হাফেজ রাফি হাসান। তিনি ঢাকার লালবাগস্থ শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী পরিচালিত মাদরাসা উম্মুল কুরা লি-উলুমিল কোরআন বাংলাদেশ-এর কিতাব বিভাগের ছাত্র।
মুসাবাকাতুস সিফারা আল আলামিয়্যাহ বিকনাতুস ছোয়াদ তথা SSAD TV তে আয়োজিত আন্তর্জাতিক প্রতিযোগিতার সার্কুলার অনুযায়ী বাংলাদেশসহ বাছাইকৃত বিশ্বের দুই হাজারের বেশি প্রতিযোগীর মধ্য থেকে অনলাইন পরীক্ষায় নির্বাচিত হয় এবং সেরা বিশে উত্তীর্ণ হন বাংলাদেশের হাফেজ রাফি হাসান।
সৌদি আরবের এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ৬ মার্চ ভোর ৫টার ফ্লাইটে তিনি বাংলাদেশ ত্যাগ করবেন। এবং আগামী ৭ মার্চ সৌদি আরবের জেদ্দায় কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন তিনি।
উক্ত প্রতিযোগিতার প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন বর্তমান বিশ্বের সর্বোচ্চ ইলমে তাজবীদ বিশেষজ্ঞ হিসেবে খ্যাত ড. শায়েখ আইমান সোয়াইদ হাফিজাহুল্লাহ। হাফেজ রাফির সাফল্য কামনায় দোয়া চেয়েছেন তার মাদরাসা শিক্ষক ও তার অভিভাবকরা।