গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৩৩ এএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৪৭ এএম
দ্বিতীয় ধাপের ইজতেমা শুরু হয়েছে। ছবি : সংগৃহীত
রবিবার আখেরি মোনাজাতের মাধ্যমে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ শেষ হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) দ্বিতীয় ধাপের ইজতেমা শুরু হয়েছে। বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা শুরু হয়। দ্বিতীয় ধাপে অংশ নেওয়া ২২ জেলার মুসুল্লিরা রবিবারই ময়দানে আসা শুরু করেছেন।
প্রথম পর্বের প্রথম ধাপের তিন দিনের ইজতেমা শেষে মুসল্লিরা এরই মধ্যে ইজতেমার ময়দান ত্যাগ করেছেন। দ্বিতীয় ধাপের ইজতেমায় যারা অংশগ্রহণ করবেন তারা আসতে শুরু করেছেন।
রবিবার আখেরি মোনাজাত শেষ করে প্রথম ধাপের ইজতেমায় অংশগ্রহণকারী অধিকাংশ মুসুল্লি ইজতেমার ময়দান ত্যাগ করেন। পরে দ্রুত সময়ের মধ্যে পুরোপুরি মাঠ প্রস্তুত করা হয়েছে। বিকালেই দ্বিতীয় ধাপের মুসুল্লিরা আসতে শুরু করেন। আজও সকাল থেকে বিভিন্ন জেলার মুসুল্লিরা দলবেঁধে ময়দানে আসছেন।
এ ধাপে অংশগ্রহণ করছেন ঢাকার যাত্রাবাড়ী, সাভার, কেরানীগঞ্জ, মোহাম্মাদপুর এবং মুন্সিগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাঙ্গাইল, পাবনা, নরসিংদী, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাঙামাটি, নওগাঁ, বান্দরবন জেলা। এ ধাপে ঢাকার একাংশসহ ২২ জেলা অংশগ্রহণ করছে মোট ৪০ খিত্তায়।
তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ি নেজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, ‘মাঠ এখন দ্বিতীয় ধাপে অংশগ্রহণকারীদের জন্য পুরোপুরি প্রস্তুত। আজ সকালে আমবয়ানের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়েছে। ২২ জেলার মুসুল্লি ছাড়াও ইজতেমা মাঠে ইতোমধ্যে ৭৬ দেশ থেকে প্রায় ৩ হাজার ৫০ জন বিদেশি মেহমান অবস্থান করছেন। দ্বিতীয় ধাপের অর্থাৎ ৩-৫ ফেব্রুয়ারি ইজতেমা শেষ করে তারা যার যার দেশে ফিরবেন।
উল্লেখ্য, ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি প্রথম ধাপের ইজতেমায় আগত পাঁচজন মুসল্লির মৃত্যু হয়। প্রথম ধাপের ইজতেমায় আখেরি মোনাজাতে অংশগ্রহণ করে ৪০ লক্ষাধিক মুসল্লি।