তারিকুল ইসলাম
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪ ১৫:০৩ পিএম
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার হিলি-ঘোড়াঘাট সড়কের চৌগাছায় অবস্থিত সুরা মসজিদ। প্রবা ফটো
সুরা মসজিদ মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন। মসজিদটি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার হিলি-ঘোড়াঘাট সড়কের চৌগাছায় অবস্থিত। প্রাচীন স্থাপত্যের সাক্ষী মসজিদটি বাংলার সুবাদার শাহ্ সুজা মসজিদটি নির্মাণ করেন বলে মসজিদটি শাহ সুজা মসজিদ নামেও পরিচিত। তবে প্রত্নবিদদের ধারণা, শাহ সুজার ক্ষমতা গ্রহণের অনেক আগেই মসজিদটি নির্মিত। তবে মসজিদের নির্মাণকাল নিয়ে রয়েছে ভিন্নমত। স্থানীয় অনেকের বিশ্বাস, শত শত বছর আগে জিনেরা এক রাতে এ মসজিদটি নির্মাণ করেন। তবে মসজিদটির কারুকার্য ও স্থাপত্যশৈলী দেখে অনেকের ধারণা, ১৬ শতকে সুলতানি আমলে হোসেন শাহির শাসনকালে এটি নির্মিত। আবার অনেকে মসজিদকে আসমানি বা গায়েবি মসজিদ বলেও দাবি করেন।
মসজিদটি পূর্ব-পশ্চিমে লম্বা। মসজিদের প্রধান কামরায় চার কোণে এবং বারান্দার দুই কোণে বাইরের দিকে একটি করে মিনার আছে। এগুলো কালো পাথরের তৈরি। প্রধান কামরার ও বারান্দার পূর্ব দেয়ালে তিনটি করে প্রবেশদ্বার আছে। প্রধান কক্ষের ওপর একটি গম্বুজ আছে, বারান্দার ওপর রয়েছে তিনটি ছোট গম্বুজ। মিহরাবগুলোয় উন্নতমানের কারুকাজ বিদ্যমান। মসজিদে ইটের সঙ্গে পাথরের ব্যবহার, দেয়ালের মাঝে পাথরের স্তম্ভ, ইটের গাঁথুনি সহজেই দৃষ্টি কাড়ে। প্রতিটি দরজার নিচের চৌকাঠ পাথরের তৈরি। ধারণা করা হয়, এখানে ব্যবহৃত কালো ও বেলে পাথর রাজমহল থেকে আনা। দৃষ্টিনন্দন মসজিদটির নির্মাণশৈলী দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন হাজারো পর্যটক।