ইহুদি বিদ্বেষের অভিযোগ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৪৭ পিএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৪৮ পিএম
ইহুদি বিদ্বেষের অভিযোগে যুক্তরাষ্ট্রের হাউস থেকে ইলহান ওমরকে অপসারণ করে দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য ইলহান ওমরকে হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রিপাবলিকদের উত্থাপিত এক প্রস্তাবে ওই সিদ্ধান্ত হয়। ডেমোক্র্যাটরা সিদ্ধান্তটির সমালোচনা করেছেন।
তার আগে মঙ্গলবার (৩১ জানুয়ারি) ওমরকে বাদ দেওয়ার জন্য প্রতিনিধি পরিষদ বা হাউসে প্রস্তাবটি উত্থাপন করেন রিপাবলিকের কংগ্রেসম্যান মাক্স মিলার। বৃহস্পতিবার (২ ফেব্রয়ারি) অনুষ্ঠিত ভোটে ওমরের পক্ষে ২১৮ ও বিপক্ষে ২১১ ভোট পড়ে।
ওমরের বিরুদ্ধে অভিযোগ
মিনেসোটা থেকে ডেমোক্র্যাটিক পার্টি থেকে নির্বাচিত ওমরের বিরুদ্ধে রিপাবলিকদের অভিযোগ, তিনি ইহুদি বিদ্বেষী, ইসরায়েল বিদ্বেষী।
আমেরিকান-ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটির (এআইপিএসি) দিকে ইঙ্গিত করে ২০১৯ সালে এক টুইটে ওমর লেখেন, এটা আর কিছুই না। বেঞ্জামিনের (নেতানিয়াহু) ধামাধরা মাত্র।
মিলার ওমরের বিরুদ্ধে উত্থাপিত প্রস্তাবে ওই টুইটি উল্লেখ করেছেন।
২০২১ সালে ইসরায়েল যখন গাজায় হামলা চালায় তখন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্থনি ব্লিনকেনের সঙ্গে আলাপকালে ওমর বলেন, ‘যুক্তরাষ্ট্র, হামাস, ইসরায়েল, আফগানিস্তান এবং তালেবানকে আমরা অচিন্তনীয় নৃশংসতা করতে দেখেছি।’
এ মন্তব্যের জন্য নিজ পার্টিতে কিছুটা বিরোধের মুখে পড়েন ওমর। তবে পার্টির একটা বড় অংশ তার পক্ষে ছিলেন বলে উল্লেখ করা হয়েছে আলজাজিরার এক প্রতিবেদনে।
ওমরের প্রতিক্রিয়া
বৃহস্পতিবার প্রস্তাবটি পাস হওয়ার আগে নিজের পরিচয়ের কারেণে তাকে টার্গেট করা হচ্ছে অভিযোগ করে ওমর বলেন, ‘এই প্রস্তাবের অর্থ হলো, আপনি যদি অভিবাসী হন, বিশ্বের বিশেষ কোনো জায়গা থেকে যুক্তরাষ্ট্রে এসে থাকেন, আপনার গায়ের রং যদি অন্য রকম হয় কিংবা আপনি মুসলমান হন আপনাকে টার্গেট করা হবে। আমি এসব কিছুর পরোয়া করি না। অন্যায় যুদ্ধ, নৃশংসতা, জাতিগত নির্মূল, দখল বা স্থানচ্যুতির বিরুদ্ধে আমার কণ্ঠস্বর আরও দ্বিগুণ হবে।’
ডেমোক্র্যাটদের সমর্থন
বৃহস্পতিবারের ভোটের পর হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, ওমরকে পররাষ্ট্র কমিটি থেকে সরিয়ে দেওয়াটা রাজনৈতিক সিদ্ধান্ত। আমেরিকান জনগণের প্রতি অপমান।
একই দিন হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জিন-পিয়ের বলেন, ‘ওমন অত্যন্ত সম্মানিত একজন কংগ্রেস সদস্য। ইসরায়েল নিয়ে ওমর আগে যে সব মন্তব্য করেছিলেন তার জন্য তিনি ক্ষমা চেয়েছেন।’
তাছাড়া ডেমোক্র্যাটিক পার্টি অন্য প্রভাবশালী সদস্যরাও ওমরের পক্ষে দাঁড়িয়েছেন।
ওমর কে
ইলহান ওমর ১৯৮২ সালে সোমালিয়ায় জন্মগ্রহণ করেন। পাঁচ বছর বয়সে শরণার্থী হয়ে যুক্তরাষ্ট্রে আসেন। ২০১৮ সালে মিনেসোটা রাজ্য থেকে তিনি হাউস সদস্য নির্বাচিত হন। ওমর ও রাশিদা তালাইব যুক্তরাষ্ট্রের হাউসের একমাত্র মুসলমান নারী সদস্য। ২০১৯ সালে ওমর পররাষ্ট্র কমিটির সদস্য নির্বাচিত হন।
আলমনিটরের এক প্রতিবেদনে বলা হয়, ওমর, রাশিদা ও কর্টেজসহ ডেমোক্র্যাটদের হাউসের একটি দল রয়েছে, যারা র্যাডিক্যাল বা স্কোয়াড হিসেবে পরিচিত। তারা ফিলিস্তিনিদের সমর্থনসহ প্রগতিশীল রাজনীতি করার জন্য পরিচিত।
সূত্র: আলমনিট, আলজাজিরা।