প্রবা ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৩ ১৫:১৫ পিএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৩ ১৫:৩৯ পিএম
যৌন হয়রানির অভিযোগে পদত্যাগ করেছেন হরিয়ানার ক্রীড়ামন্ত্রী ও ভারতের হকি দলের সাবেক অধিনায়ক সন্দীপ সিং। ছবি: সংগৃহীত
যৌন হয়রানির অভিযোগে ভারতের হরিয়ানা রাজ্যের ক্রীড়ামন্ত্রী সন্দীপ সিং পদত্যাগ করেছেন। রাজ্যটির একজন নারী অ্যাথলেটিক্স কোচের থানায় অভিযোগের দুদিনের মাথায় রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। তার পদত্যাগপত্র গৃহীত হয়েছি কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এনডিটিভিসহ ভারতের একাধিক গণমাধ্যমে সন্দীপ সিং পদত্যাগ করেছেন বলে দাবি করা হয়েছে।
হরিয়ানার চণ্ডীগড় শহরের একটি থানায় শুক্রবার (৩০ ডিসেম্বর) লিখিত অভিযোগ করেন ওই নারী কোচ। শনিবার তার অভিযোগ গ্রহণ করে পুলিশ। এরপর রবিবার (১ জানুয়ারি) পদত্যাগপত্র জমা দেন অভিযুক্ত সন্দীপ সিং। সিং ভারতের হকি দলের সাবেক অধিনায়ক ছিলেন।
তার আগে গত সপ্তাহে হরিয়ানার বিরোধী দল ইন্ডিয়ান ন্যাশনাল লোক দলের (আইএনএলডি) নেতা অভয় সিং চৌতালার বাসায় এক সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ওই নারী কোচ। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, গত বছরের ফেব্রুয়ারি ও নভেম্বরে তাকে বিভিন্নভাবে যৌন হয়রানি করেন সন্দীপ সিং। সিং নানাভাবে তাকে অনুসরণ করতেন, অবৈধভাবে আটকে রেখেছিলেন এবং ভয়ভীতি দেখান।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আরও অভিযোগ করেন, সিং তার সঙ্গে অধিকাংশ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করতেন। তাকে ভ্যানিশ মুডে মেসেজ পাঠাতেন, যাতে করে আলাপের পরপরই মেসেজগুলো অটো-ডিলিট হয়ে যায়।
ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে সিংকে মন্ত্রিসভা থেকে দ্রুত বহিষ্কার করতে আহ্বান জানান আইএনএলডির নেতা অভয় সিং চৌতালা।
রবিবার পদত্যাগপত্র জমা দিয়ে আত্মপক্ষ সমর্থন করে সন্দীপ সিং বলেন, ‘আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এসব করা হয়েছে। এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। আশা করব, আমার বিরুদ্ধে উত্থাপিত সব অভিযোগ যথাযথ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হবে।’
কিন্তু হরিয়ানার আরও অনেক নারী অ্যাথলেট ও ক্রীড়াসংশ্লিষ্ট নারী কর্মকর্তা-কর্মচারী সন্দীপ সিংয়ের হাতে যৌন হয়রানির শিকার হয়েছেন বলে শোনা যায়।