ফ্রান্সের সংবাদদাতা
প্রকাশ : ০১ নভেম্বর ২০২২ ১৪:৪২ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২২ ১৭:২৮ পিএম
ফ্রান্সে প্যারিস ফুটবল একাদশের সঙ্গে বিডিএফসি নান্তের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল ম্যাচটি ১-১ গোলে ড্র দিয়ে সমাপ্ত হয়। পরে অতিথি দল হিসেবে বিডিএফসি নান্ত দলকে বিজয়ীর ট্রফি দেওয়া হয়।
প্যারিস ফুটবল একাদশের উদ্যোগে সোমবার (৩১ অক্টোবর) বিকাল ৪টায় প্যারিসের লাকর্নভ পার্ক দু-স্পক মাঠে এ ফুটবল ম্যাচ হয়। ম্যাচ পরিচালনা করেন বিএফসি লাকর্নভ ফুটবল দলের কোচ সুলতান আহমদ। তার সহযোগিতায় ছিলেন জিলানী ও সাইফুল ইসলাম।
খেলার প্রথমার্ধে বিডিএফসি নান্তের জালে ১ গোল দিয়ে এগিয়ে যায় প্যারিস ফুটবল একাদশ। বিরতির পর বিডিএফসি নান্ত গোল পরিশোধ করলে খেলায় সমতা ফিরে আসে। কেউ আর গোল করতে না পারায় ম্যাচ ড্র দিয়ে খেলা শেষ হয়। খেলায় ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হন বিডিএফসি নান্তের গোলরক্ষক আমিনুল হক।
প্রীতি ফুটবল ম্যাচে অতিথি দল হিসেবে বিডিএফসি নান্তকে বিজয়ী ট্রফি তুলে দেন আয়োজকরা। এ ছাড়া খেলায় অংশগ্রহণকারী দুই দলের প্রত্যেক খেলোয়াড়ের মাঝে আয়োজক ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক মেডেল প্রদান করা হয়।
খেলা শেষে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথিরা প্রীতি ম্যাচের প্রশংসা করে বলেন, খেলাধুলা শরীরচর্চার পাশাপাশি মননশীল চিন্তা-চেতনার বিকাশ ঘটায়। পারস্পরিক পরিচয় ও মেলবন্ধনের সেতু তৈরি করে।
কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল কাদিরের সভাপতিত্বে ও সংগঠক সাহেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন আহমদ। বিশেষ অতিথি ছিলেন ক্রীড়ানুরাগী হুমায়ুন রশীদ রেজা, ফখর উদ্দিন, আব্দুল সামাদ, কয়েছ আহমদ, সাইফুল ইসলাম, করিম জিলানী ও সুলতান আহমদ মিটু প্রমুখ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্রীড়া সংগঠক জাহেদ আহমদ, ছিদ্দিক আহমদ ও ফয়ছল উদ্দিন।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফয়ছল আহমদ, মনসুর আহমদ, আরিফ আহমদ, আমাদুল ইসলাম, লিটন খান, কামরুল ইসলাম, রুহিন ও জুয়েল আহমদ প্রমুখ।
প্রবা/জিএ/এমজে