প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩ ১৬:০২ পিএম
ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ম্যাক্সিমিলিয়ান ক্রাহ এবং যুক্তরাজ্য ভিত্তিক বাংলাদেশি গবেষণা প্রতিষ্ঠান স্টাডি সার্কেলের যৌথ আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) ইউরোপীয় পার্লামেন্টে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় মূল আলোচক ছিলেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ম্যাক্সিমিলিয়ান ক্রাহ। অন্যতম বক্তা ছিলেন রাজনৈতিক বিশ্লেষক মি. ক্রিস ব্ল্যাকবার্ন।
সভায় বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। বাংলাদেশের বিরুদ্ধে যে ‘অপপ্রচার’ চলছে তা কীভাবে মোকাবেলা করা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন বক্তারা। এছাড়া চলতি বছরের সেপ্টেম্বরে ইউরোপীয় পার্লামেন্ট কর্তৃক পাস হওয়া জয়েন্ট মোশন রেজলুশনে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি; অধিকারের মামলা’ শীর্ষক আলোচনাও হয়।
প্যানেলে উপস্থিত ছিলেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ম্যাক্সিমিলিয়ান ক্রাহ, মি. ক্রিস ব্ল্যাকবার্ন, আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ রশিদ রায়হান বিন এবং স্টাডি সার্কেল লন্ডনের চেয়ারম্যান সৈয়দ মোজাম্মেল আলী।
ড. ক্রাহ সংবাদ উপস্থাপনে মানবাধিকার সংস্থাগুলোর প্রশ্নবিদ্ধ ভূমিকা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, প্রায় সকল বেসরকারি সংস্থার একটি রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। কিছু সংস্থা হয়তো নিজস্ব স্বার্থে তথ্য বিকৃত করে প্রচার করে, যার ফল হয় আরও ভয়াবহ।
মোজাম্মেল আলী বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি ও উন্নয়নের চিত্র সংক্ষিপ্ত আকারে তুলে ধরেন। তিনি বলেন, দেশের মানুষের জীবনমান উন্নয়নে এতো কাজ বর্তমান সরকার ছাড়া আর কেউই করেনি।
রাশিদ রায়হান বিন বাংলাদেশের মানবাধিকার প্রসঙ্গে বলেন, আন্তর্জাতিক এবং জাতীয় পর্যবেক্ষকদের উচিত বাংলাদেশের মানবাধিকার বিষয়ে প্রচারিত সংবাদগুলোর সত্যতা যাচাই করে দেখা, যাতে কোনো বিকৃত সংবাদের ফাঁদে না পড়ে।