মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৩ ২১:৩৫ পিএম
আব্দুল্লাহ আল মাসুম মিয়া। সংগৃহীত ফটো
সৌদি আরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মো. আব্দুল্লাহ আল মাসুম মিয়া নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। মাসুম মিয়া কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের রুপসা গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে নিহতের বাবা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার (১৯ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ১টার দিকে মাসুম মিয়া ডিউটি করা অবস্থায় এ দুর্ঘটনা ঘটে।
আলফাজ উদ্দিন বলেন, ‘দুই ভাই ও এক বোনের মধ্যে মাসুম দ্বিতীয়। পরিবারের স্বচ্ছলতার জন্য মাসুম প্রবাসে যায়। বিস্ফোরণে আমার ছেলের দেহটা ছিন্নভিন্ন হয়ে গেছে। এমন মৃত্যু যেন কারও না হয়। তার মরামুখটাও দেখতে পারব কি না জানি না। আমরা চাই আমার ছেলের মরদেহটা দেশে নিয়ে আসুক।’
নিহতের চাচাতো ভাই রাকিবুল হাসান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, মাসুম মিয়া ৮ বছর সিঙ্গাপুরে ছিলেন। ৭ মাস আগে তিনি সৌদি আরবে যান। দাম্মাম শহরে একটি ওয়ার্কশপে কাজ করতেন মাসুম। প্রতিদিনের মতো বুধবার তিনি ওয়ার্কশপে কাজে যান। এ সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তার মৃত্যু হয়।
পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক ঝুটন বলেন, ‘আমার সাথে নিহতের পরিবার এখনো যোগাযোগ করেনি। আমরা মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।’
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী বলেন, ‘আমি পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে বিষয়টি শুনেছি। নিহতের পরিবারের সদস্যরা এ বিষয়ে যেকোনো ধরনের সহযোগিতা চাইলে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাদের সহযোগিতা করার চেষ্টা করব।’