প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৩ ১৫:০৩ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৩ ১৫:৩১ পিএম
জাতীয় প্রেসক্লাবে ‘নিউইয়র্ক বাংলা বইমেলা ২০২৩’ নিয়ে মুক্তধারা ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন। প্রবা ফটো
আগামী ১৪ জুলাই শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী ৩২তম নিউইয়র্ক বাংলা বইমেলা। বুধবার (১ মার্চ) সকাল ১১টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবে ‘নিউইয়র্ক বাংলা বইমেলা ২০২৩’ নিয়ে সংবাদ সম্মেলন করে মুক্তধারা ফাউন্ডেশন এ তথ্য জানায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ৩২তম নিউইয়র্ক বাংলা বইমেলার আহ্বায়ক ড. আবদুন নূর, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, আনিসুল হক, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, ডা. জিয়াউদ্দিন আহমেদ, কবি হাসান হাফিজ, মিলন মনসুর, কলকাতার কবি কাজল চক্রবর্তী প্রমুখ। সঞ্চালনা করেন বিশ্বজিত সাহা।
এ সময় ড. আবদুন নূর বলেন, ‘আমরা বাংলা ভাষাকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই। কারণ বাংলা হবে প্রধান মনন ও চিন্তার মাধ্যম। তিনি বলেন, “বঙ্গবন্ধু আমাকে ১৯৭৩ সালে বলেছিলেন, ‘বাংলা ভাষা ও কৃষ্টিকে ছড়িয়ে দাও।” নতুন প্রজন্মের কাছে একুশের ধারা পৌঁছে দিতে হবে। আপনারা নিউইয়র্ক বই মেলায় আসুন।”
রামেন্দু মজুমদার বলেন, ‘এই বইমেলা আসলে বই মেলা নয়। এটি একটি সংস্কৃতির মেলা। নতুন প্রজন্ম ও শিশুদের কাছে একুশের মূল চেতনা তুলে ধরতে হবে। আশা করি সবার প্রচেষ্টায় এবারের বইমেলা আরও প্রাণবন্ত ও সফল হবে।’
কথাসাহিত্যিক আনিসুল হক বলেন, 'আমাদের শ্রেষ্ঠ লেখকরা সবাই নিউইয়র্ক বইমেলায় গিয়েছেন। সেখানে বাংলা ভাষা ও সংস্কৃতি নিয়ে উৎসব হবে। মিলবে আটলান্টিকের পাড়ে বাংলা একাডেমির স্বাদ।'
কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, ‘এই মেলায় যতবার গিয়েছি বিদেশিরা আমাকে জিজ্ঞেস করেছে, তোমাদের ভাষার ইংরেজি বই আছে কিনা। আমাদের বই মেলায় অন্তত দুটি স্টল থাকা উচিত। যেখানে অনুবাদ বই থাকবে বিদেশি পাঠকদের জন্য। তাতে করে আমাদের ভাষা ও সংস্কৃতি অনেক দূর পর্যন্ত পৌঁছে যাবে। এ ব্যাপারে সরকার ও মেলার আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করছি।’
কবি মোহাম্মদ নুরুল হুদা বলেন, ‘ভাষা ও স্বাধীনতা একই সূত্রে গাঁথা। শুধুমাত্র অনুবাদ দিয়ে ভিন্ন ভাষাভাষি মানুষের কাছে বাংলা সংস্কৃতি তুলে ধরা কঠিন। কারণ অনুবাদের কাজটা খুবই দুরূহ। আমরা বাংলা একাডেমি থেকে চেষ্টা করছি। অন্তত বিখ্যাত বইগুলোকে অনুবাদ করতে। এবারের নিউইয়র্ক বইমেলায় পাঁচটি অনুবাদ বই থাকবে। বাংলা ভাষার শক্তি বাড়াতে হলে বিশ্বব্যাপী আমাদের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি মানুষের কাছে প্রয়োজনীয় হয়ে উঠবে। এসব ব্যাপারে বাংলা একাডেমির পক্ষ থেকে সব সহযোগিতা থাকবে।’
বইমেলা উদ্বোধন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা। এ ছাড়া মেলাজুড়ে থাকবে লেখক, পাঠক, প্রকাশক ও নতুন বই নিয়ে বিভিন্ন আলোচনা, সেমিনার। বাংলাদেশ থেকে ২৫টি প্রকাশনা সংস্থা এবারের মেলায় অংশ নিবে। মেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার ২০২২’ প্রদান করা হবে। তাছাড়া প্রবাসী লেখকদের জন্য ‘শহীদ কাদরী গ্রন্থ পুরস্কার ২০২৩’ ও প্রকাশকদের জন্য ‘চিত্তরঞ্জন সাহা সেরা প্রকাশনা পুরস্কার ২০২৩’ প্রদান করা হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি।
নিউইয়র্ক বাংলা বইমেলা ৩১ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে। ১৯৯২ সাল থেকে মুক্তধারা এই মেলার আয়োজন করছে। ওই বছর প্রথম জাতিসংঘের সদর দপ্তরের সামনে অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন ও বই মেলার আয়োজন করেছিল সংগঠনটি। সেই ধারাবাহিকতায় এবার ৩২তম আয়োজন হতে যাচ্ছে।