যুক্তরাষ্ট্র প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩ ১৩:৫১ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩ ১৫:১১ পিএম
ফ্লোরিডায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কার্যালয়ে মতবিনিময়কালে মেয়র আতিকুল ইসলাম। প্রবা ফটো
যুক্তরাষ্ট্র সফরে এসেছেন শেখার জন্য, ঘোরার জন্য নয় বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
তিনি বলেন, ‘আমরা ফ্লোরিডার মিয়ামিতে কয়েক দিন ধরে বেশকিছু বিষয়ের ওপর অভিজ্ঞতা অর্জন করেছি। এখানকার ভালো চর্চা দেশেও বাস্তবায়ন করতে চাই। আমরা এখানে শিখতে এসেছি, ঘুরতে নয়। প্রতিটি বিষয়ের ওপর গুরুত্বসহকারে শেখানো হচ্ছে।’
সোমবার (২৩ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ১২টায় ফ্লোরিডায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কার্যালয়ে মতবিনিময়কালে যুক্তরাষ্ট্রপ্রবাসী বাঙালিদের উদ্দেশে এ কথা বলেন ডিএনসিসি মেয়র।
প্রবাসীদের উদ্দেশে মেয়র আতিক বলেন, ‘আপনাদের জন্য ডিএনসিসির দুয়ার ২৪ ঘণ্টা খোলা। যেকোনো নতুন ধারণা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। প্রবাসে থেকেও করতে পারেন আবার কেউ চাইলে দেশে ফিরেও শেয়ার করতে পারেন। আপনাদের সবার সহযোগিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশের স্মার্ট সিটি করপোরেশনের কাজ ডিএনসিসি থেকেই শুরু করতে চাই।’
স্মার্ট সিটি গড়তে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন দপ্তর ও সংস্থায় কর্মরত বাঙালিদের সহযোগিতা চেয়েছেন তিনি।
কনসাল জেনারেল ইকবাল আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন, কাউন্সিলর মো. মতিউর রহমান, কাউন্সিলর ফরিদ আহমেদ, কাউন্সিলর মিতু আক্তার। এ ছাড়া ফ্লোরিডা ও আশপাশ সিটির আওয়ামী লীগের নেতা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। প্রবাসীদের পক্ষ থেকে অনেকেই দেশে তাদের মেধার বিকাশ তুলে ধরার সুযোগ চান।
ডিএনসিসির প্রতিনিধি দলের যুক্তরাষ্ট্র সফরের বিষয় উল্লেখ করে মেয়র বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের অর্থায়নে আমরা ফ্লোরিডার মিয়ামিতে কয়েক দিন ধরে বেশকিছু বিষয়ের ওপর অভিজ্ঞতা অর্জন করেছি। এখানকার ভালো চর্চা দেশেও বাস্তবায়ন করতে চাই।’
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের অর্থায়নে নগর ব্যবস্থাপনায় আধুনিক পদ্ধতি, মশক নিয়ন্ত্রণ ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, রাজস্ব আহরণ পদ্ধতিসহ বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ নিতে ডিএনসিসির একটি প্রতিনিধি দল ফ্লোরিডার মিয়ামিতে সফরে রয়েছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মেয়র মো. আতিকুল ইসলাম।