সহিদুল আলম স্বপন, জেনেভা (সুইজারল্যান্ড) প্রতিনিধি
প্রকাশ : ২১ মিনিট আগে
বৈশ্বিক অর্থসংকটের প্রভাব পড়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের (UNHCR) কার্যক্রমেও। তীব্র তহবিল ঘাটতির কারণে ২০২৭ সালের জন্য ৭ দশমিক ১ বিলিয়ন ডলারের বাজেট প্রস্তাব করেছে সংস্থাটি। ২০২৬ সালের জন্য ৮ দশমিক ৫ বিলিয়ন ডলারের তহবিল আবেদনের তুলনায় নতুন এ প্রস্তাব উল্লেখযোগ্যভাবে কম।
শুক্রবার ইউএনএইচসিআর জানায়, ক্রমবর্ধমান মানবিক চাহিদা এবং অনুদান পাওয়ার অনিশ্চয়তার মধ্যে সবচেয়ে জরুরি সেবাগুলো চালু রাখতেই আগামী বছরের বাজেট পুনর্গঠন করা হয়েছে।
এর আগে সংস্থাটির প্রধান বারহাম সালিহ সতর্ক করে বলেছিলেন, বিপুলসংখ্যক বাস্তুচ্যুত মানুষের সহায়তা নিশ্চিত করতে গিয়ে ইউএনএইচসিআরকে কার্যত ‘অসম্ভব এক চ্যালেঞ্জ’ মোকাবিলা করতে হচ্ছে।
ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জন্য ৮ দশমিক ৫ বিলিয়ন ডলারের তহবিল চাওয়া হলেও এখন পর্যন্ত সংস্থাটি পেয়েছে মাত্র ২ দশমিক ৯ বিলিয়ন ডলার। অর্থাৎ চাহিদার তুলনায় অর্থায়ন হয়েছে এক-তৃতীয়াংশেরও কম। ফলে বিশ্বের বিভিন্ন অঞ্চলে সহায়তা কার্যক্রম সীমিত করতে বাধ্য হয়েছে সংস্থাটি।
তবে পূর্ণ অর্থায়ন নিশ্চিত হলে ২০২৭ সালে ১ কোটি ৩৬ লাখ শরণার্থী ও আশ্রয়প্রার্থী এবং ৬৭ লাখ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্যক্তিকে (আইডিপি) সুরক্ষাসেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে ইউএনএইচসিআরের। পাশাপাশি ৩৯ লাখ শরণার্থী ও ২০ লাখ আইডিপিকে আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ লাখ শরণার্থী ও সাড়ে ৮ লাখ আইডিপির জন্য আবাসন ও আশ্রয় সুবিধা দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
সংস্থাটির হিসাব অনুযায়ী, ২০২৫ সালের শেষে বিশ্বে জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ছিল ১১ কোটি ৭৮ লাখ। যদিও ২০২৪ সালের রেকর্ড ১২ কোটি ৩২ লাখের তুলনায় এ সংখ্যা কিছুটা কম, তারপরও সংখ্যাটি মানবিক সংকটের গভীরতাই তুলে ধরে। এসব মানুষের মধ্যে ৩ কোটি ৫৬ লাখ শরণার্থী ইউএনএইচসিআরের আওতাভুক্ত। তাদের দুই-তৃতীয়াংশ আফগানিস্তান, সুদান, সিরিয়া, ইউক্রেন ও ভেনেজুয়েলার নাগরিক।
অর্থসংকটের কারণে জনবল কমাতে বাধ্য হয়েছে সংস্থাটি। ২০২৪ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ৮ হাজার কর্মী ইউএনএইচসিআর ছেড়েছেন। এতে সংস্থাটির কর্মীসংখ্যা প্রায় ২০ হাজার থেকে কমে ১২ হাজারের নিচে নেমে এসেছে।
একসময় বিশ্বের বৃহত্তম মানবিক সহায়তাদাতা দেশ হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রসহ একাধিক বড় দাতা দেশ বৈদেশিক সহায়তা ব্যয় কমিয়ে দেওয়ায় ইউএনএইচসিআরের আর্থিক চাপ আরও বেড়েছে। ২০২৫ সালে সংস্থাটি ১০ দশমিক ৬ বিলিয়ন ডলার তহবিল চাইলেও পেয়েছিল মাত্র ৩ দশমিক ৮ বিলিয়ন ডলার। আর ২০২৪ সালে ১০ দশমিক ৮ বিলিয়ন ডলারের আবেদনের বিপরীতে তহবিল সংগ্রহ হয়েছিল ৫ দশমিক ৩ বিলিয়ন ডলার।
ইউএনএইচসিআরের মুখপাত্র ম্যাথিউ সল্টমার্শ বলেন, জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার পাশাপাশি শরণার্থীদের দীর্ঘমেয়াদে স্বনির্ভর করে তুলতে কাজ চালিয়ে যাবে সংস্থাটি।
আগামী মঙ্গলবার জেনেভায় অনুষ্ঠিতব্য বার্ষিক দাতা সম্মেলনের আগে ২০২৭ সালের নতুন তহবিল আবেদন প্রকাশ করেছে ইউএনএইচসিআর।