× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মায়া, ছলনা ও মনস্তত্ত্বের শৈল্পিক উপস্থাপনা ‘ছল’

অভ্র বড়ুয়া, (গুজরাট, ভারত) প্রতিনিধি

প্রকাশ : ৫৭ মিনিট আগে

মায়া, ছলনা ও মনস্তত্ত্বের শৈল্পিক উপস্থাপনা ‘ছল’

পুরাণের আখ্যান, মায়া, ছলনা ও মানুষের মনস্তত্ত্বের চিরন্তন দ্বন্দ্ব নৃত্যের ভাষায় মঞ্চে তুলে ধরেছে ‘Chhal: The Art of Deception’ (ছল)। ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের ঐতিহ্য, সমকালীন মঞ্চভাবনা ও নিরীক্ষাধর্মী শারীরিক অভিব্যক্তির সমন্বয়ে নির্মিত এই নৃত্যপ্রযোজনা আহমেদাবাদের সাংস্কৃতিক আয়োজন ‘Abhivyakti – City Arts Project’-এর অষ্টম সংস্করণে দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করেছে।

গত শনিবার আহমেদাবাদের শ্রেয়াস মঞ্চে ‘ছল’-এর পরিবেশনা দেখতে উপস্থিত হন বিপুলসংখ্যক দর্শক। শিল্পীদের শৈল্পিক অভিব্যক্তি, শরীরী ভাষা, ছন্দের বৈচিত্র্য ও নান্দনিক উপস্থাপনা দর্শকদের মুগ্ধ করে। ভারতীয় পুরাণের পরিচিত দর্শনকে সমকালীন নৃত্যভাষায় নতুনভাবে উপস্থাপনের এই প্রয়াস প্রযোজনাটিকে দিয়েছে স্বতন্ত্র মাত্রা।

কলকাতার বিশিষ্ট মণিপুরি নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার ও নির্দেশক কঙ্কনা সিংয়ের ভাবনা ও পরিচালনায় নির্মিত ‘ছল’ মূলত মানুষের উপলব্ধি, বিশ্বাস, বিভ্রম ও প্রতারণার বহুমাত্রিক রূপ নিয়ে একটি শৈল্পিক অনুসন্ধান। কিংবদন্তি মণিপুরি নৃত্যগুরু বিপিন সিংয়ের নাতনি কঙ্কনা তার নৃত্যভাবনায় ঐতিহ্যের শিকড় ধারণ করার পাশাপাশি সমকালীন নৃত্যনিরীক্ষায়ও বিশেষ গুরুত্ব দিয়েছেন।

প্রযোজনাটির অন্যতম বৈশিষ্ট্য এর বহুমাত্রিক শিল্পীসমাবেশ। ভারতীয় শাস্ত্রীয় নৃত্যে প্রশিক্ষিত শিল্পীদের পাশাপাশি এতে অংশ নিয়েছেন সমকালীন ও নিরীক্ষাধর্মী নৃত্যশিল্পী এবং মার্শাল আর্টের অনুশীলকেরা। তাদের সম্মিলিত পরিবেশনায় নৃত্য, শারীরিক শক্তি, ছন্দ ও নাটকীয়তার এক অভিনব মেলবন্ধন তৈরি হয়েছে। ড. অমিতাভ শ্রীবাস্তব, মোনামি নন্দী, পিন্টু দাস, সৌম্য গুপ্ত, অভিষেক দে ও দেবাদৃতা দাসসহ একদল দক্ষ শিল্পীর অংশগ্রহণে প্রযোজনাটি পেয়েছে সমৃদ্ধ মঞ্চভাষা।

প্রথম পরিবেশনার সাফল্যের পর আজ রবিবার রাত ৯টা ৩০ মিনিটে আবারও শ্রেয়াস মঞ্চে পরিবেশিত হবে ‘ছল’। এ ছাড়া আগামী ১ ডিসেম্বর আতিরা মঞ্চে অনুষ্ঠিত হবে প্রযোজনাটির শেষ পরিবেশনা।

‘Abhivyakti – City Arts Project’-এর অষ্টম সংস্করণে ‘ছল’ কেবল একটি নৃত্যপ্রযোজনা নয়; বরং ভারতীয় পুরাণ ও ঐতিহ্যের অন্তর্নিহিত ভাবনাকে সমকালীন শিল্পভাষায় পুনর্পাঠের একটি প্রয়াস। মায়া ও বাস্তবতার সীমারেখায় দাঁড়িয়ে মানুষের মনোজগৎ, বিশ্বাস ও উপলব্ধিকে প্রশ্ন করার মধ্য দিয়ে প্রযোজনাটি দর্শকদের সামনে তুলে ধরেছে শিল্পের এক ভিন্নতর অভিজ্ঞতা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা