× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে আগ্রহী জার্মানি

সহিদুল আলম স্বপন, জেনেভা (সুইজারল্যান্ড) প্রতিনিধি

প্রকাশ : ২৪ মিনিট আগে

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে আগ্রহী জার্মানি

বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানে জার্মানির সঙ্গে আলোচনা করেছে বাংলাদেশ। দুই দেশের ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি, রপ্তানি বহুমুখীকরণ এবং ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে সম্পর্ক জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার জার্মানির রাজধানী বার্লিনে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে দেশটির সংশ্লিষ্ট প্রতিনিধির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ ও জার্মানির অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন উভয় পক্ষ। বিশেষ করে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে নিয়মিত ব্যবসায়ী পর্যায়ের যোগাযোগ, ভিসা সুবিধা বৃদ্ধি, বিনিয়োগ উন্নয়ন এবং দুই দেশের ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়।

এ ছাড়া আলোচনায় জ্বালানি নিরাপত্তা, নবায়নযোগ্য জ্বালানি, দক্ষ জনশক্তির অভিবাসন, মানবসম্পদ উন্নয়ন, কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং দুর্যোগ ব্যবস্থাপনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অর্থনৈতিক উন্নয়নের মতো খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়টি উঠে আসে।

বৈঠকে বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই), সৃজনশীল অর্থনীতি, নারীর ক্ষমতায়ন, সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতি এবং যুব বিনিময় কর্মসূচিতে জার্মানির সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এ সময় রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে জার্মানির সমর্থন কামনা করেন তিনি। একই সঙ্গে দুই দেশের সংসদ সদস্যদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-জার্মানি পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের বিষয়েও আলোচনা হয়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভিসা সহজীকরণের বিষয়টি আলোচনায় গুরুত্ব পেলেও এ বিষয়ে জার্মানির পক্ষ থেকে এখন পর্যন্ত নতুন কোনো নীতি বা আনুষ্ঠানিক সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়নি। বিষয়টি ভবিষ্যৎ দ্বিপক্ষীয় সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র হিসেবে আলোচিত হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, ইউরোপের অন্যতম প্রধান অর্থনৈতিক শক্তি জার্মানির সঙ্গে সহযোগিতা বাড়লে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ, দক্ষ জনশক্তির কর্মসংস্থান এবং প্রযুক্তিনির্ভর উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিসা প্রক্রিয়া সহজ হলে ব্যবসায়ী, শিক্ষার্থী ও দক্ষ কর্মীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে বাস্তব অগ্রগতি নির্ভর করবে ভবিষ্যৎ নীতিগত সিদ্ধান্ত ও দ্বিপক্ষীয় উদ্যোগের ওপর।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা