× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রমফোর্ডে এনসিপি-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, আটক ৬

এম ডি জে খোকন, লন্ডন (যুক্তরাজ্য) প্রতিনিধি

প্রকাশ : ১৩ মিনিট আগে

আপডেট : ১৩ মিনিট আগে

রমফোর্ডে এনসিপি-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, আটক ৬

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রমফোর্ডে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছয়জনকে আটক করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট অনলাইন অ্যাকটিভিস্ট হিসেবে পরিচিত সুশান্ত দাস গুপ্ত রয়েছেন। বাকি পাঁচজনের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

গত ১৬ নভেম্বর স্থানীয় সময় রাতে রমফোর্ডের হাই রোডে অবস্থিত মেফেয়ার ভেন্যুর সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ভেন্যুতে এনসিপির আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে নাগরিক সংবর্ধনা দেওয়া হচ্ছিল।

অনুষ্ঠান শেষে ভেন্যুর পেছনের সিডার পার্ক গার্ডেনস সড়কে দুই পক্ষের মধ্যে প্রথমে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। একপর্যায়ে তা ছড়িয়ে পড়ে সামনের হাই রোডে। এর আগেই নিরাপত্তাকর্মীদের সহায়তায় অনুষ্ঠানস্থল ত্যাগ করেন নাহিদ ইসলাম।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানায়, স্থানীয় সময় রাত ৯টা ৫৯ মিনিটে গোলযোগের খবর পেয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, সংঘর্ষের আগে সেখানে প্রায় ৫০ জনের একটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল।

পুলিশ ও লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর পর সংঘর্ষে আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হয়। তবে তাদের কারও আঘাত প্রাণঘাতী নয় বলে জানিয়েছে পুলিশ। কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই উপস্থিত ব্যক্তিরা ছত্রভঙ্গ হয়ে যান।

সংঘর্ষের সূত্রপাত নিয়ে পাল্টাপাল্টি দাবি

ঘটনার সূত্রপাত নিয়ে দুই পক্ষের বক্তব্যে ভিন্নতা রয়েছে। এনসিপির কেন্দ্রীয় নেতা নুরুল হুদা জুনেদের দাবি, অনুষ্ঠান শেষে গাড়ির দিকে যাওয়ার সময় আওয়ামী লীগ-সংশ্লিষ্ট নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালান।

অন্যদিকে, আওয়ামী লীগ-সংশ্লিষ্ট অনলাইন অ্যাকটিভিস্ট সুশান্ত দাস গুপ্তের দাবি, ভেন্যুর পেছনে একজন নিরাপত্তাকর্মীর সঙ্গে বাগ্‌বিতণ্ডার জের ধরে ঘটনার সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষের সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও বোতল ছোড়ার ঘটনা ঘটে। তবে প্রথমে কারা শারীরিক হামলা চালিয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে ১৭ নভেম্বর প্রকাশিত পুলিশের প্রাথমিক বিবৃতিতে জানানো হয়েছিল, সে সময় পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তদন্তে সহায়তার জন্য প্রত্যক্ষদর্শীদের কাছে সিসিটিভি ও গাড়ির ড্যাশক্যামের ফুটেজও চেয়েছিল পুলিশ।

পরবর্তী সময়ে এ ঘটনায় ছয়জনকে আটক করার তথ্য জানায় লন্ডন মেট্রোপলিটন পুলিশ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা