আহমেদ সোহেল বাপ্পী, প্যারিস (ফ্রান্স) প্রতিনিধি
প্রকাশ : ১১ মিনিট আগে
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী জঁ-নোয়েল বারো।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্যারিসে অনুষ্ঠিত এ বৈঠকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতার দায়িত্বশীল ব্যবহার, রোহিঙ্গা সংকট, আন্তর্জাতিক বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠা এবং বাংলাদেশ-ফ্রান্স দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়।
ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বিবৃতি অনুযায়ী, বৈঠকে জাতিসংঘের কার্যক্রমে কার্যকর বহুপক্ষীয় সহযোগিতা জোরদার এবং আন্তর্জাতিক সংঘাত ও সংকট নিরসনে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেন দুই পররাষ্ট্রমন্ত্রী। আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল গণনৃশংসতার ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতার দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা। এ লক্ষ্যে ফ্রান্স ও মেক্সিকোর যৌথ উদ্যোগে বাংলাদেশ যুক্ত হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
ভেটো ক্ষমতার দায়িত্বশীল ব্যবহারে বাংলাদেশের অঙ্গীকার
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতার কারণে অনেক সময় আন্তর্জাতিক সংকট ও মানবিক বিপর্যয় মোকাবিলায় কার্যকর সিদ্ধান্ত গ্রহণ বাধাগ্রস্ত হয়। বিশেষ করে গণনৃশংসতা ও ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় নিরাপত্তা পরিষদের কার্যকর পদক্ষেপ নিশ্চিত করার বিষয়টি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক আলোচনায় রয়েছে।
এ পরিস্থিতি মোকাবিলায় ফ্রান্স ও মেক্সিকো নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতার ব্যবহার নিয়ন্ত্রণে একটি যৌথ উদ্যোগ পরিচালনা করছে। বৈঠকে ড. খলিলুর রহমান এ উদ্যোগে বাংলাদেশের যুক্ত হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের কার্যক্রমে দুই দেশের মধ্যে সমন্বয় বাড়িয়ে উদ্যোগটির অগ্রগতি ত্বরান্বিত করার বিষয়েও আলোচনা হয়।
রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক বিচার ও জবাবদিহি
বৈঠকে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত অপরাধের বিচার এবং দায়মুক্তির অবসান ঘটানোর বিষয়টিও গুরুত্ব পায়। আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রোহিঙ্গা পরিস্থিতিসংক্রান্ত সাম্প্রতিক সিদ্ধান্তের পর আন্তর্জাতিক পর্যায়ে জবাবদিহি প্রতিষ্ঠার বিষয়ে দুই মন্ত্রী তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
মিয়ানমারে দীর্ঘদিনের নিপীড়ন, সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গার সংকট এখনো আঞ্চলিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক মানবাধিকারের অন্যতম বড় চ্যালেঞ্জ। এ জনগোষ্ঠীর ন্যায়বিচার নিশ্চিত করা এবং সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।
দ্বিপক্ষীয় সহযোগিতায় নতুন সম্ভাবনা
আন্তর্জাতিক ইস্যুর পাশাপাশি বাংলাদেশ ও ফ্রান্সের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, অর্থনীতি, সংস্কৃতি, উচ্চশিক্ষা ও একাডেমিক সহযোগিতা এবং টেকসই উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণের বিষয়ে দুই পক্ষ তাদের আগ্রহ প্রকাশ করেছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের সভাপতিত্বের দায়িত্ব পালনের প্রেক্ষাপটে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক সম্পৃক্ততা ও বহুপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রেও বৈঠকটি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।
বৈঠকে প্যারিসে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (পলিটিক্যাল) মাহফুজা সুলতানা, কাউন্সেলর ও হেড অব চ্যান্সারি মো. ওয়ালিদ বিন কাশেম এবং প্রথম সচিব শেখ মারেফাত তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি বছরের ২ জুন ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ পদে তার দায়িত্ব পালন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব ও কূটনৈতিক সম্পৃক্ততায় নতুন মাত্রা যোগ করেছে।