× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাত শতকের ইতিহাসের সাক্ষী জার্মানির কোলন ক্যাথেড্রাল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ মিনিট আগে

সাত শতকের ইতিহাসের সাক্ষী জার্মানির কোলন ক্যাথেড্রাল

ইউরোপের গথিক স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন জার্মানির কোলন ক্যাথেড্রাল। প্রায় সাত শতকের নির্মাণ ইতিহাস, ধর্মীয় গুরুত্ব, অসাধারণ শিল্পকর্ম ও স্থাপত্যশৈলীর কারণে এটি বিশ্বজুড়ে পরিচিত। জার্মানির কোলন শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই ক্যাথেড্রাল শুধু ধর্মীয় উপাসনালয় নয়, দেশটির ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যেরও গুরুত্বপূর্ণ অংশ।

কোলন ক্যাথেড্রালের নির্মাণকাজ শুরু হয় ১২৪৮ সালে। তবে এর ইতিহাস আরও পুরোনো। ১১৬৪ সালে মিলান থেকে তিন জ্ঞানী ব্যক্তি বা ‘থ্রি কিংস’-এর বলে পরিচিত পবিত্র স্মৃতিচিহ্ন কোলনে নিয়ে আসেন তৎকালীন আর্চবিশপ রেইনাল্ড ফন ডাসেল। এসব স্মৃতিচিহ্ন সংরক্ষণের জন্য নির্মিত হয় একটি মূল্যবান স্বর্ণখচিত স্মৃতিভান্ডার। এটি দেখতে ইউরোপের বিভিন্ন অঞ্চল থেকে তীর্থযাত্রীরা কোলনে আসতে শুরু করেন। ক্রমবর্ধমান তীর্থযাত্রীদের আকর্ষণ এবং ধর্মীয় গুরুত্ব বিবেচনায় পুরোনো গির্জার পরিবর্তে বিশাল একটি ক্যাথেড্রাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। 

১২৪৮ সালের ১৫ আগস্ট তৎকালীন আর্চবিশপ কনরাড ফন হোখস্টাডেন নতুন ক্যাথেড্রালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ফরাসি গথিক স্থাপত্যশৈলীর আদলে এর নকশা তৈরি করা হয়। নির্মাণের প্রথম পর্যায়ে ক্যাথেড্রালের পূর্বাংশ ও মূল বেদির কাজ এগিয়ে নেওয়া হয়। ১৩২২ সালে এর গায়কদল বা কোয়ার অংশটি উদ্বোধন করা হয়। তবে অর্থসংকট, রাজনৈতিক অস্থিরতা ও বিভিন্ন কারণে নির্মাণকাজ বারবার বাধাগ্রস্ত হয়। একপর্যায়ে ১৬ শতকে কাজ প্রায় বন্ধ হয়ে যায়। এরপর তিন শতাব্দীরও বেশি সময় ধরে অসমাপ্ত অবস্থায় দাঁড়িয়ে ছিল বিশাল এই স্থাপনা। 

দীর্ঘ বিরতির পর ১৮৪২ সালে পুনরায় নির্মাণকাজ শুরু হয়। মধ্যযুগে তৈরি মূল নকশা অনুসরণ করেই নতুন করে কাজ এগিয়ে নেওয়া হয়। অবশেষে ১৮৮০ সালের ১৫ অক্টোবর ক্যাথেড্রালের নির্মাণ সম্পন্ন হয়। অর্থাৎ ভিত্তিপ্রস্তর স্থাপন থেকে পূর্ণাঙ্গ স্থাপনা হিসেবে আত্মপ্রকাশ করতে সময় লাগে ৬৩২ বছর। নির্মাণ শেষ হওয়ার সময় এটি ছিল বিশ্বের সবচেয়ে উঁচু ভবন। 

স্থাপত্যের দিক থেকেও কোলন ক্যাথেড্রাল অসাধারণ। এর দৈর্ঘ্য প্রায় ১৪৪ দশমিক ৫ মিটার, প্রস্থ ৮৬ দশমিক ২৫ মিটার এবং দুটি সুউচ্চ মিনার বা টাওয়ারের উচ্চতা প্রায় ১৫৭ দশমিক ২২ মিটার। পাঁচটি অংশবিশিষ্ট এই গথিক স্থাপনার দেয়াল, খিলান, ভাস্কর্য ও রঙিন কাচের জানালায় ফুটে উঠেছে মধ্যযুগীয় ইউরোপের শিল্প ও স্থাপত্যের উৎকর্ষ। ক্যাথেড্রালের ভেতরে রয়েছে ঐতিহাসিক বেদি, কাঠের কারুকাজ করা আসন, প্রাচীন ভাস্কর্য এবং অসংখ্য শিল্পকর্ম। 

ক্যাথেড্রালের অন্যতম প্রধান আকর্ষণ ‘শ্রাইন অব দ্য থ্রি কিংস’। স্বর্ণ ও মূল্যবান উপকরণে তৈরি এই স্মৃতিভান্ডারে তিন জ্ঞানী ব্যক্তির বলে পরিচিত পবিত্র স্মৃতিচিহ্ন সংরক্ষিত রয়েছে। ১১৮০ থেকে ১২২৫ সালের মধ্যে এটি নির্মিত হয়। এ ছাড়া দশম শতকের ‘জেরো ক্রুশ’ এবং মধ্যযুগের বিভিন্ন শিল্পকর্মও ক্যাথেড্রালের ঐতিহাসিক গুরুত্ব বাড়িয়েছে। 

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোলন শহর ব্যাপক বোমা হামলায় ক্ষতিগ্রস্ত হলেও ক্যাথেড্রালটি তুলনামূলকভাবে অক্ষত ছিল। যুদ্ধের পর শহর পুনর্গঠনের সময়ও এর সংরক্ষণ ও সংস্কারকাজ অব্যাহত থাকে। ১৯৯৬ সালে ইউনেসকো কোলন ক্যাথেড্রালকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে। সংস্থাটির বিবেচনায় এটি মানবসৃষ্ট সৃজনশীলতার অসাধারণ নিদর্শন এবং ইউরোপে খ্রিষ্টীয় বিশ্বাসের দীর্ঘস্থায়িত্বের গুরুত্বপূর্ণ সাক্ষ্য। 

তবে ক্যাথেড্রালের সংরক্ষণ নিয়ে বিভিন্ন সময়ে উদ্বেগ তৈরি হয়েছে। ২০০৪ সালে আশপাশে উঁচু ভবন নির্মাণের পরিকল্পনায় এর ঐতিহাসিক দৃশ্যপট ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিলে ইউনেসকো এটিকে বিপদাপন্ন বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে। পরবর্তী সময়ে সংরক্ষণমূলক উদ্যোগের ফলে ২০০৬ সালে সেখান থেকে স্থাপনাটিকে সরিয়ে নেওয়া হয়। 

বর্তমানে কোলন ক্যাথেড্রাল জার্মানির অন্যতম পরিচিত পর্যটন আকর্ষণ। প্রতিদিন বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটক ও তীর্থযাত্রীরা এটি দেখতে আসেন। তবে ১৮৮০ সালে নির্মাণ শেষ হলেও এর সংরক্ষণ ও সংস্কারকাজ থেমে নেই। পাথরের কারুকাজ, ভাস্কর্য, কাচের জানালা ও স্থাপনার বিভিন্ন অংশ রক্ষায় নিয়মিত কাজ করছেন বিশেষজ্ঞ কারিগর ও সংরক্ষণকর্মীরা। সাত শতকের নির্মাণ ইতিহাস পেরিয়ে আজও কোলন ক্যাথেড্রাল দাঁড়িয়ে আছে ইউরোপের ইতিহাস, ধর্মীয় বিশ্বাস ও স্থাপত্য ঐতিহ্যের এক অনন্য স্মারক হয়ে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা