প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৯ মিনিট আগে
মরুভূমির দেশ কুয়েতে প্রথমবারের মতো উৎপাদিত হয়েছে বাসমতি ধান। স্থানীয় কৃষি উৎপাদন বাড়ানো এবং খাদ্যনিরাপত্তা জোরদারের ক্ষেত্রে এ সাফল্যকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
মরুভূমি ও সীমিত আবাদযোগ্য জমির কারণে চালসহ অধিকাংশ খাদ্যশস্যের জন্য আমদানির ওপর নির্ভরশীল কুয়েত। দেশটিতে গ্রীষ্মকালে তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এ ছাড়া স্বল্প বৃষ্টিপাত, মাটির লবণাক্ততা ও মিঠাপানির সংকট কৃষির জন্য বড় চ্যালেঞ্জ।
এ পরিস্থিতিতে বৈশ্বিক সরবরাহব্যবস্থার ঝুঁকি মোকাবিলা এবং খাদ্য আমদানির ওপর নির্ভরতা কমাতে আধুনিক কৃষিপ্রযুক্তি ও পরীক্ষামূলক চাষাবাদে গুরুত্ব দিচ্ছে কুয়েত। এরই অংশ হিসেবে দক্ষিণাঞ্চলীয় ওয়াফরা এলাকায় বাসমতি ধানের চাষ করা হয়। দেশটির কৃষিপ্রধান এলাকা ওয়াফরা ও আবদালিতে কর্মরত শ্রমিকদের বড় একটি অংশ বাংলাদেশি। তাদের শ্রম ও পরিচর্যায় মরু অঞ্চলের অনেক জায়গায় গড়ে উঠেছে সবুজের সমারোহ।
প্রকল্পের সঙ্গে যুক্ত কুয়েতি কৃষিকর্মী শাবিব আল-আজমি জানান, গত জুলাইয়ের শুরুতে প্রায় পাঁচ হাজার বর্গমিটার জমিতে পরীক্ষামূলকভাবে ৩০ কেজি ধানের বীজ বপন করা হয়। সেখান থেকে সম্প্রতি প্রায় তিন টন ধান সংগ্রহ করা হয়েছে। চাষের পুরো সময় পাখির আক্রমণ থেকে ফসল রক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল। প্রচণ্ড গরমে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা থাকলেও যথাযথ পরিচর্যায় প্রত্যাশার চেয়ে বেশি ফলন পাওয়া গেছে।
প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাতের মরুভূমিতে ধান চাষের অভিজ্ঞতা ও কৌশল কাজে লাগিয়ে কুয়েতের এ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। প্রাথমিক সাফল্যের পর দেশজুড়ে বাসমতি ধানের চাষ সম্প্রসারণের পরিকল্পনা করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি কুয়েতের মাটিতে মূল্যবান মসলা জাফরানের পরীক্ষামূলক চাষ শুরুর লক্ষ্যও রয়েছে তাদের।