সুব্রত চৌধুরী, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি
প্রকাশ : ১৮ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের উপকূলীয় শহর আটলান্টিক সিটিতে নর’ইস্টার ঝড়ের প্রভাবে বৃষ্টি, দমকা বাতাস ও জোয়ারের পানিতে বিভিন্ন সড়ক ও নিচু এলাকা প্লাবিত হয়েছে। এতে শহরটির বিভিন্ন এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
ঝড়ের প্রভাবে আটলান্টিক সিটির বিভিন্ন সড়কে পানি জমে যাওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটে। উপকূলীয় এলাকায় ঢেউ ও জোয়ারের পানির উচ্চতা বেড়ে পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ে। বিশেষ করে নিচু এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
পরিস্থিতি বিবেচনায় আটলান্টিক সিটিতে উপকূলীয় বন্যা সতর্কতা (কোস্টাল ফ্লাড ওয়ার্নিং) জারি করা হয়। বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়া এবং আবহাওয়া বিভাগ ও স্থানীয় প্রশাসনের সতর্কবার্তা অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে ঝড়ের প্রভাব মোকাবিলায় নিউ জার্সির গভর্নর রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। আবহাওয়া পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছেন আটলান্টিক সিটির মেয়র, স্থানীয় প্রশাসন ও জরুরি সেবাদানকারী সংস্থাগুলো। প্লাবিত সড়কে গাড়ি না চালানোর জন্যও বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।
ঝড়ের প্রভাবে বিদ্যুৎ সরবরাহ, যান চলাচল ও স্থানীয় জরুরি সেবায় কোনো বিঘ্ন ঘটছে কি না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।