প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১ ঘণ্টা আগে
পাকিস্তানের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ চালুর উদ্যোগ নিয়েছে মালদ্বীপের রাষ্ট্রীয় বিমান সংস্থা ‘মালদিভিয়ান’। দুই দেশের মধ্যে পর্যটন, বাণিজ্য, বিনিয়োগ ও জনগণের পারস্পরিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ফ্লাইট চালুর নির্দিষ্ট তারিখ ও সময়সূচি এখনো ঘোষণা করা হয়নি।
বুধবার পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, মালদ্বীপের পর্যটন ও বেসামরিক বিমান চলাচলমন্ত্রী মোহাম্মদ আমিনের সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরীর বৈঠকে সরাসরি বিমান যোগাযোগ চালুর বিষয়টি নিয়ে আলোচনা হয়।
বৈঠকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেন, সরাসরি ফ্লাইট চালু হলে পাকিস্তানের নাগরিকদের জন্য মালদ্বীপ ভ্রমণ আরও সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে। একই সঙ্গে পর্যটন গন্তব্য হিসেবে ইসলামাবাদেরও বিপুল সম্ভাবনা রয়েছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু হলে পর্যটক যাতায়াতের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হবে। তবে এ রুটে ফ্লাইট পরিচালনার সময়সূচি, ভাড়া ও অন্যান্য বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।