× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারত ভ্রমণে পর্যটকদের জন্য নতুন বিধিনিষেধ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩৮ মিনিট আগে

আপডেট : ১৩ মিনিট আগে

ভারত ভ্রমণে পর্যটকদের জন্য নতুন বিধিনিষেধ

ভারতের সিকিমে ভ্রমণে নতুন বছর থেকে বাড়তি খরচ গুনতে হবে পর্যটকদের। রাজ্যের সংরক্ষিত বনাঞ্চল ও জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকের ভিড় এবং যানবাহনের চাপ নিয়ন্ত্রণে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে নতুন প্রবেশমূল্য চালুর সিদ্ধান্ত নিয়েছে সিকিম সরকার।

রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের জারি করা নির্দেশনা অনুযায়ী, গ্যাংটক, পাকিয়ং ও মঙ্গন জেলার নির্দিষ্ট সংরক্ষিত এলাকায় প্রবেশের জন্য পর্যটকবাহী যানবাহনকে নির্ধারিত ফি দিতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সংরক্ষিত এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন নিয়মের আওতায় গ্যাংটক ও পাকিয়ং বিভাগের নাথু লা, ছাঙ্গু বা সোমগো লেক, বাবা মন্দির, জুলুক ও লিংতাম এলাকা রয়েছে। এ ছাড়া মঙ্গন বিভাগের সাঙ্কালান-টুং ও ফেদাং চেকপোস্টের পরবর্তী এলাকাগুলোতেও প্রবেশমূল্য কার্যকর হবে।

নির্দেশনা অনুযায়ী, গাড়ির আসনসংখ্যা ও ইঞ্জিনের ক্ষমতার ভিত্তিতে ফি নির্ধারণ করা হয়েছে। ১ হাজার সিসির বেশি ক্ষমতাসম্পন্ন পাঁচ আসনের গাড়ির জন্য গ্যাংটক ও পাকিয়ংয়ে ১ হাজার ৫০০ রুপি এবং মঙ্গনে ১ হাজার ২০০ রুপি দিতে হবে। ৬ থেকে ১০ আসনের গাড়ির ক্ষেত্রে এ ফি যথাক্রমে ২ হাজার ৫০০ ও ১ হাজার ৫০০ রুপি। ১১ থেকে ১৫ আসনের গাড়ির জন্য দিতে হবে যথাক্রমে ৪ হাজার ৫০০ ও ২ হাজার ৫০০ রুপি।

বাসের ক্ষেত্রে আসনসংখ্যা অনুযায়ী প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫০০ থেকে সর্বোচ্চ ১০ হাজার রুপি পর্যন্ত। ব্যক্তিগত মোটরসাইকেলের জন্য প্রবেশমূল্য ৭৫০ রুপি এবং সহযাত্রীর জন্য ৩৫০ রুপি।

তবে সিকিমের নির্দিষ্ট পরিচয়পত্রধারী স্থানীয় বাসিন্দারা এ ফি থেকে ছাড় পাবেন। কর্তব্যরত সরকারি কর্মকর্তা ও সেনাসদস্যদের জন্যও বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।

উত্তর সিকিমের জোঙ্গু এলাকায় সাঙ্কালান ও ফেদাং রুট দিয়ে যাতায়াতকারী পর্যটকদের অনলাইন পারমিট নিতে হবে। তবে এ ক্ষেত্রে কোনো পারমিট ফি বা সার্ভিস চার্জ দিতে হবে না। এ ছাড়া ১৫০ সিসির বেশি ক্ষমতাসম্পন্ন ব্যক্তিগত মোটরসাইকেলের জন্য নিবন্ধিত মালিকের নামে পারমিট নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

নতুন এ সিদ্ধান্তে পর্যটন ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, বাড়তি প্রবেশমূল্যের কারণে পর্যটকদের ভ্রমণ ব্যয় বেড়ে যাবে। এতে অনেকে সিকিমের পরিবর্তে দার্জিলিং, কালিম্পং কিংবা ডুয়ার্সের মতো বিকল্প পর্যটনকেন্দ্র বেছে নিতে পারেন।

হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক তন্ময় গোস্বামী বলেন, সংরক্ষিত বনাঞ্চলে অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণে এ উদ্যোগ কার্যকর হতে পারে।

সিআইআইয়ের পর্যটন প্যানেলের চেয়ারম্যান সম্রাট সান্যাল বলেন, বাড়তি ফি শেষ পর্যন্ত পর্যটকদের ওপরই চাপবে। এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সিকিম সরকারকে চিঠি দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

ইস্টার্ন হিমালয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি দেবাশিস মৈত্রও সিদ্ধান্তটি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। তার মতে, বাড়তি খরচের কারণে সাধারণ পর্যটকদের ভ্রমণের বাজেট বেড়ে যাবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা