আমিনুল ইসলাম, আবুধাবি (ইউএই) প্রতিনিধি
প্রকাশ : ৪৭ মিনিট আগে
সড়ক দুর্ঘটনা কমানো এবং চালকদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকার। নতুন নিয়ম অনুযায়ী, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে দেশটিতে ভারী যানবাহনসহ সব ধরনের চালক প্রতি ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৯ ঘণ্টা গাড়ি চালাতে পারবেন।
দীর্ঘ সময় একটানা গাড়ি চালানোর ফলে চালকদের মধ্যে ক্লান্তি ও তন্দ্রাচ্ছন্নতা তৈরি হয়। এতে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। এ ঝুঁকি এড়াতে এবং চালকদের পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করতেই নতুন এ সময়সীমা নির্ধারণ করেছে ইউএই প্রশাসন।
নতুন নিয়ম কার্যকর হলে পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি যাত্রী ও পথচারীদের নিরাপত্তা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে দীর্ঘ দূরত্বে পণ্য ও যাত্রী পরিবহনে নিয়োজিত চালকদের জন্য এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে, সরকারের এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী চালক ও সাধারণ নাগরিকেরা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই সিদ্ধান্তটির প্রশংসা করেছেন। তাদের মতে, নির্দিষ্ট সময়ের মধ্যে গাড়ি চালানোর নিয়ম চালকদের কর্মপরিবেশ উন্নত করবে, ক্লান্তিজনিত দুর্ঘটনার ঝুঁকি কমাবে এবং সড়কে অনাকাঙ্ক্ষিত প্রাণহানি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।