× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রবাসীদের বসবাসে বিশ্বসেরা রাস আল খাইমাহ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৪১ মিনিট আগে

প্রবাসীদের বসবাসে বিশ্বসেরা রাস আল খাইমাহ

প্রবাসীদের বসবাসের জন্য ২০২৬ সালে বিশ্বের সেরা শহর নির্বাচিত হয়েছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উত্তরাঞ্চলীয় আমিরাত রাস আল খাইমাহ। আন্তর্জাতিক সংস্থা ইন্টারনেশনসের (InterNations) প্রকাশিত ‘এক্সপ্যাট সিটি র‍্যাঙ্কিং ২০২৬’-এ ৩৩টি শহরের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে শহরটি। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক দক্ষ কর্মী ও বিনিয়োগকারীদের কাছে রাস আল খাইমাহর আকর্ষণ আরও বেড়েছে।

বিশ্বের ১৬২টি দেশের আট হাজার প্রবাসীর মতামতের ভিত্তিতে এ র‍্যাঙ্কিং তৈরি করা হয়েছে। এর আগে ২০২৪ সালের জরিপে রাস আল খাইমাহর অবস্থান ছিল ষষ্ঠ। এবারের জরিপে পাঁচটি প্রধান সূচকের মধ্যে তিনটিতেই প্রথম স্থান অর্জন করেছে শহরটি। সূচকগুলো হলো নতুন পরিবেশে সহজে মানিয়ে নেওয়া, বিদেশে কাজের সুযোগ এবং প্রবাসীদের দৈনন্দিন প্রয়োজনীয় সুযোগ-সুবিধা। এ ছাড়া ব্যক্তিগত আর্থিক অবস্থা ও সামগ্রিক সুখের সূচকে দ্বিতীয় স্থান পেয়েছে শহরটি।

জরিপের ফলাফল অনুযায়ী, রাস আল খাইমাহর জীবনযাত্রার মান ও অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে প্রবাসীদের মধ্যে ইতিবাচক মনোভাব রয়েছে। শহরটির ৮৪ শতাংশ প্রবাসী জানিয়েছেন, সেখানে বসবাস করে তারা সুখী। যেখানে বিশ্বব্যাপী গড় হার ৭০ শতাংশ। অন্যদিকে, ৪৫ শতাংশ প্রবাসী নিজেদের সম্পূর্ণ সুখী বলে জানিয়েছেন, যেখানে বৈশ্বিক গড় ২৫ শতাংশ।

রাস আল খাইমাহ গভর্নমেন্ট মিডিয়া অফিসের মহাপরিচালক হেবা ফাতানি বলেন, এ স্বীকৃতি কোনো বিচারক প্যানেলের কাছ থেকে আসেনি; বরং এসেছে শহরটির বাসিন্দাদের কাছ থেকে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসেন, প্রথম দিন থেকেই নিজেদের স্বাগতপ্রাপ্ত মনে করেন এবং এখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন।

সামাজিকভাবে সহজে মিশে যাওয়ার ক্ষেত্রেও এগিয়ে রয়েছে শহরটি। জরিপে অংশ নেওয়া ৮৬ শতাংশ প্রবাসী স্থানীয় বাসিন্দাদের বন্ধুত্বপূর্ণ বলে মনে করেন, যেখানে বৈশ্বিক গড় ৬৩ শতাংশ। এ ছাড়া ৮০ শতাংশ প্রবাসী জানিয়েছেন, স্থানীয় সংস্কৃতির সঙ্গে মানিয়ে নেওয়া তাদের জন্য সহজ। প্রবাসীদের স্বাগত জানানো, ঘরের মানুষের মতো অনুভূতি দেওয়া এবং নতুন বন্ধু তৈরির সুযোগের ক্ষেত্রেও শহরটি প্রথম স্থান অর্জন করেছে। প্রায় দুই-তৃতীয়াংশ প্রবাসী জানিয়েছেন, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলা তাদের জন্য সহজ। বিশ্বব্যাপী এ হার ৩৯ শতাংশ।

কর্মজীবনের সুযোগও রাস আল খাইমাহর জনপ্রিয়তার অন্যতম কারণ। শহরটিতে বসবাসরত ৮৫ শতাংশ কর্মজীবী প্রবাসী জানিয়েছেন, সেখানে যাওয়ার পর তাদের ক্যারিয়ারের সম্ভাবনা উন্নত হয়েছে। বিশ্বব্যাপী এ হার ৫৫ শতাংশ। এ ছাড়া শহরটির স্থানীয় অর্থনীতি সম্পর্কে ৯০ শতাংশ প্রবাসী ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন, যেখানে বৈশ্বিক গড় ৫৯ শতাংশ।

রাস আল খাইমাহ গভর্নমেন্ট মিডিয়া অফিসের বিশেষ প্রকল্প বিভাগের প্রধান রুবা জেইদান বলেন, ৮৪ শতাংশ প্রবাসী সেখানে বসবাস করে সুখী এবং ৮৬ শতাংশ স্থানীয় বাসিন্দাদের বন্ধুত্বপূর্ণ আচরণের প্রশংসা করেছেন। সহজে মানিয়ে নেওয়া, কর্মজীবনে উন্নতি এবং নিজের বাড়ির মতো অনুভূতি—বিদেশে বসবাস করতে আসা মানুষের জন্য গুরুত্বপূর্ণ এসব বিষয় রাস আল খাইমাহ নিশ্চিত করছে।

দৈনন্দিন প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ক্ষেত্রেও ভালো অবস্থানে রয়েছে শহরটি। ৮০ শতাংশের বেশি প্রবাসী জানিয়েছেন, সেখানে ভিসা পাওয়া সহজ। একইভাবে, বাসস্থান খুঁজে পাওয়ার বিষয়টিও তাদের কাছে সহজ মনে হয়েছে। এ ছাড়া ৬৯ শতাংশ প্রবাসী বাড়িভাড়া ও আবাসন ব্যয়কে নিজেদের সামর্থ্যের মধ্যে বলে মনে করেন, যা বৈশ্বিক গড় হারের দ্বিগুণেরও বেশি।

ব্যক্তিগত নিরাপত্তার ক্ষেত্রেও শহরটি উল্লেখযোগ্য অবস্থান ধরে রেখেছে। জরিপে ৯৪ শতাংশ প্রবাসী নিরাপত্তা নিয়ে ইতিবাচক মতামত দিয়েছেন। এ সূচকে বিশ্বে তৃতীয় স্থান অর্জন করেছে রাস আল খাইমাহ।

এদিকে, র‍্যাঙ্কিংয়ে সংযুক্ত আরব আমিরাতের অন্যান্য শহরও এগিয়ে রয়েছে। দুবাই চতুর্থ এবং আবুধাবি পঞ্চম স্থান অর্জন করেছে। ফলে প্রবাসীদের বসবাসের জন্য বিশ্বের শীর্ষ পাঁচটি শহরের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের তিনটি শহর জায়গা করে নিয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা