× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৫৬ মিনিট আগে

আপডেট : ১১ মিনিট আগে

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি

দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন করে কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের কূটনৈতিক উদ্যোগে প্রথমবারের মতো সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ বাংলাদেশি দক্ষ কর্মী।

সরকারি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে বিশেষ উড়োজাহাজে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন তারা। সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে এ প্রক্রিয়ায় মোট ১০ হাজার বাংলাদেশি কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর সুযোগ তৈরি হবে।

প্রথম বহরের কর্মীদের বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এ সময় প্রবাসীকল্যাণমন্ত্রী, বিমানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন। অন্যদিকে, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মীদের স্বাগত জানাবেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। বোয়েসেল সূত্র জানায়, নির্বাচিত ১১২ কর্মী মালয়েশিয়ার বহুজাতিক প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনে কাজ করবেন। তাদের বিমানভাড়া, যাতায়াত ও অভিবাসনসংক্রান্ত যাবতীয় ব্যয় বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান। ফলে কর্মীদের বিদেশ যেতে কোনো টাকা খরচ করতে হবে না।

জানা গেছে, বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কাজের সুযোগ পেতে গত ৬ থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে। এসব আবেদন থেকে স্বয়ংক্রিয় লটারি পদ্ধতিতে প্রাথমিকভাবে ৩০০ জনকে বাছাই করা হয়। দুই দিনের সাক্ষাৎকারে নির্বাচিত কয়েকজন প্রার্থী অনুপস্থিত থাকায় পরবর্তী সময়ে অবশিষ্ট আবেদনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে আরও ৫০ জনকে সাক্ষাৎকারের সুযোগ দেওয়া হয়। সবশেষে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে ১১২ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেয় ডিএইচএল কর্তৃপক্ষ।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে দুর্নীতি, অনিয়ম ও সিন্ডিকেটের কারণে বাধাগ্রস্ত মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে প্রথম ধাপে ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে মালয়েশিয়া সরকার। এ ব্যবস্থায় বিমানভাড়াসহ কোনো ধরনের অভিবাসন ব্যয়ই কর্মীদের বহন করতে হবে না।

মন্ত্রণালয় জানায়, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার লক্ষ্যে দুই দেশের মন্ত্রী পর্যায়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২১ জুলাই তার প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও দেশটির রাজা সুলতান ইব্রাহিম ইস্কান্দারের সঙ্গে বৈঠকে বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। এসব কূটনৈতিক আলোচনা ও উচ্চপর্যায়ের যোগাযোগের ফলে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন করে কর্মসংস্থানের সুযোগ তৈরির পথ সুগম হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা