× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাক্ষাৎকার

শিকড়ে বাংলা, সুরে সমকাল: ঐতিহ্যকে নতুন রূপ দিচ্ছেন চক্রবর্তী সম্রাট

অভ্র বড়ুয়া, গুজরাট (ভারত) প্রতিনিধি

প্রকাশ : ২২ মিনিট আগে

শিকড়ে বাংলা, সুরে সমকাল: ঐতিহ্যকে নতুন রূপ দিচ্ছেন চক্রবর্তী সম্রাট

বাংলার সংগীত ঐতিহ্য সময়ের সীমানায় আবদ্ধ নয়; বরং প্রতিটি প্রজন্মের নতুন সুর, নতুন ভাষা ও নতুন প্রকাশভঙ্গিতে তা ফিরে পেতে পারে সমকালীন প্রাণ। সেই ভাবনা থেকেই বাংলার চিরায়ত সংগীতকে আধুনিক সংগীতের আবহে নতুনভাবে উপস্থাপনের উদ্যোগ নিয়েছে ‘The Bengal Fusion Project’। ‘Heritage Rewired’ শিরোনামে এই বিশেষ সংগীত প্রযোজনা নিয়ে আহমেদাবাদের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক আয়োজন ‘Abhivyakti–Season 8’-এর মঞ্চে হাজির হচ্ছে দলটি।

মুম্বাইয়ে বসবাসরত প্রকল্পটির স্রষ্টা ও সংগীতশিল্পী চক্রবর্তী সম্রাটের পরিকল্পনায় এখানে একসূত্রে মিলেছে রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, বাউল ও লোকসংগীতের ঐতিহ্য। পাশ্চাত্য সংগীতের নানা ধারা, আধুনিক বাদ্যযন্ত্র ও সৃজনশীল সংগীতায়োজনের মধ্য দিয়ে পরিচিত বাংলা গানকে নতুন শ্রবণ-অভিজ্ঞতায় পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য।

এই সংগীতযাত্রায় চক্রবর্তী সম্রাটের সঙ্গে যুক্ত হয়েছেন গিটারশিল্পী সৌভিক, ড্রামার সুপ্রতীম, দোতারাশিল্পী অভিষেক প্রভু এবং বাঁশিশিল্পী ঋষিসহ একদল প্রতিভাবান সংগীতশিল্পী।

আগামী ২৭ নভেম্বর রাত ৯টা ৩০ মিনিটে আহমেদাবাদের আতিরা মঞ্চে পরিবেশিত হবে তাদের এই বিশেষ প্রযোজনা। ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখে সংগীতের নতুন দিগন্ত অনুসন্ধানের এই প্রয়াস, শিল্পীদের প্রস্তুতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন চক্রবর্তী সম্রাট। সাক্ষাৎকার নিয়েছেন আমাদের গুজরাট প্রতিনিধি অভ্র বড়ুয়া।

প্রশ্ন: The Bengal Fusion Project-এর ভাবনাটি কীভাবে আপনার মনে এল?

চক্রবর্তী সম্রাট: The Bengal Fusion Project নিয়ে আমার ভাবনা অনেক দিনের। আমরা বিভিন্ন অঞ্চলের লোকসংগীত শুনি, যেমন পাঞ্জাবি, মারাঠি কিংবা দক্ষিণ ভারতীয় সংগীত। বিশেষ করে দক্ষিণ ভারতের শিল্পীরা আধুনিক সংগীতের আবহে নিজেদের ঐতিহ্যকে যেভাবে উপস্থাপন করছেন, তা সত্যিই মুগ্ধ করার মতো। তাদের কাজ শুনলে বোঝা যায়, শিকড়ের সংগীতকে সমকালীন সুরের সঙ্গে যুক্ত করেও কত সুন্দরভাবে তুলে ধরা সম্ভব।

অনেক দিন ধরেই ভাবছিলাম, বাংলার রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, লালন ফকিরের গান এবং বাউলসংগীত নিয়ে এ ধরনের কাজ করব। নানা ব্যস্ততায় এত দিন হয়ে ওঠেনি। এবার মনে হলো, আর দেরি না করে ভাবনাটিকে বাস্তবে রূপ দেওয়া প্রয়োজন। সেই জায়গা থেকেই The Bengal Fusion Project-এর যাত্রা শুরু।

প্রশ্ন: ‘Heritage Rewired’ এই নামের মধ্য দিয়ে শ্রোতাদের কাছে কী বার্তা পৌঁছে দিতে চান?

চক্রবর্তী সম্রাট: ‘Heritage Rewired’ নামটির মধ্যে আমাদের মূল ভাবনাটিই রয়েছে। বাংলার এমন অনেক গান আছে, যেগুলো আমাদের প্রায় সবারই পরিচিত—‘মন আমার কেমন কেমন করে’, ‘ঠাকুরজামাই’ কিংবা রবীন্দ্রনাথের ‘আলো আমার আলো ওগো’, ‘আমারও পরান যাহা চায়’। এই গানগুলোর সুর ও সংগীতভাবনার মধ্যে এক ধরনের অসাধারণ উন্মুক্ততা রয়েছে। সেগুলোকে পপ, রক কিংবা অন্য আধুনিক সংগীতধারার সঙ্গে যুক্ত করেও নতুনভাবে উপস্থাপন করা সম্ভব। অথচ এই সম্ভাবনাকে আমরা অনেক সময় যথেষ্ট গুরুত্ব দিই না। বাংলার অনেক শিল্পীই ইতিমধ্যে ব্যতিক্রমীভাবে এ ধরনের কাজ করছেন। শুধু পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশেও বাংলা গানের নতুন নতুন সংগীতায়োজন ও পরীক্ষা-নিরীক্ষার চমৎকার চর্চা রয়েছে।

আমরাও সেই বৃহত্তর উদ্যোগের অংশ হতে চাই। ‘হেরিটেজ’ বলতে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য, আর ‘রিওয়্যার্ড’ বলতে সেই ঐতিহ্যকে নতুন সংগীতভাষায় পুনরাবিষ্কার করা। একে পুনর্জাগরণের প্রচেষ্টাও বলা যায়। আমাদের উদ্দেশ্য পুরোনোকে সরিয়ে নতুন কিছু তৈরি করা নয়, বরং পুরোনো সৃষ্টির মধ্যেই নতুন সম্ভাবনা খুঁজে পাওয়া।

প্রশ্ন: বাংলার লোকসংগীত ও শাস্ত্রীয় সংগীতের ঐতিহ্যের সঙ্গে আধুনিক সংগীতের মেলবন্ধন কতটা চ্যালেঞ্জিং বলে মনে করেন?

চক্রবর্তী সম্রাট: বিষয়টিকে আমি খুব একটা চ্যালেঞ্জ হিসেবে দেখি না; বরং এটি আমার কাছে ভীষণ আনন্দের। সংগীতের বিভিন্ন ধারার সঙ্গে এক ধরনের সৃজনশীল খেলায় মেতে থাকার মতো ব্যাপার। আমি নিজেও শাস্ত্রীয় সংগীত শিখেছি। পাশাপাশি পাশ্চাত্য সংগীতের বিভিন্ন রীতিনীতি, ডাবস্টেপসহ আধুনিক সংগীতের নানা ধারা নিয়েও পড়াশোনা করেছি। ফলে এই ভিন্ন ভিন্ন সংগীতভাষার মধ্যে সংযোগ তৈরি করতে আমার ভালো লাগে।

শেষ পর্যন্ত সংগীতের মূল ভিত্তি তো সেই বারোটি স্বর। সেই স্বরগুলোকে কীভাবে ভিন্ন আঙ্গিকে ব্যবহার করা যায়, কীভাবে একটি পরিচিত সুরকে নতুন আবহে শ্রোতাদের সামনে হাজির করা যায়, সেটিই আমার কাছে সবচেয়ে আকর্ষণীয়। আমি বিষয়টিকে পরীক্ষার চেয়ে আনন্দের অনুসন্ধান হিসেবেই দেখি। প্রতিটি নতুন আয়োজন আমাকে ভাবায়, সংগীতের আর কোন কোন সম্ভাবনা এখনো অনাবিষ্কৃত রয়ে গেছে।

প্রশ্ন: এই প্রকল্পে এতজন প্রতিভাবান শিল্পীকে একত্র করার অভিজ্ঞতা কেমন?

চক্রবর্তী সম্রাট: এমন অসাধারণ সব শিল্পীর সঙ্গে কাজ করতে পারা আমার কাছে সত্যিই আনন্দের। প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে অত্যন্ত প্রতিভাবান। তাদের কাছ থেকেও আমি প্রতিনিয়ত শিখছি। প্রত্যেকের নিজস্ব অভিজ্ঞতা, সংগীতবোধ ও সৃজনশীলতা এই প্রকল্পকে সমৃদ্ধ করছে।

গিটারে সৌভিক অসাধারণ কাজ করছে। ড্রামসে সুপ্রতীমের দক্ষতা সত্যিই প্রশংসনীয়। অভিষেক প্রভু এই প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পী। তিনি বাঙালি নন, মারাঠি ভাষাভাষী; কিন্তু তার দোতারাবাদন শুনলে অনেকেই অবাক হবেন। তার বাজানোর মধ্যে যে গভীরতা ও স্বতন্ত্রতা রয়েছে, তা সত্যিই মুগ্ধ করার মতো। অনেকেই তার নাম বিশেষভাবে উল্লেখ করেছেন। অন্যদিকে, বাঁশিতে ঋষির পরিবেশনাও অসাধারণ। প্রত্যেক শিল্পীই তাদের নিজস্ব দক্ষতা দিয়ে এই সংগীতযাত্রাকে অন্য মাত্রা দিচ্ছেন। তাদের সঙ্গে কাজ করতে গিয়ে আমিও প্রতিনিয়ত নতুন অভিজ্ঞতা অর্জন করছি।

প্রশ্ন: Abhivyakti–Season 8-এর মতো বৃহৎ সাংস্কৃতিক মঞ্চে এই প্রযোজনা উপস্থাপনের সুযোগ আপনার কাছে কতটা তাৎপর্যপূর্ণ?

চক্রবর্তী সম্রাট: অভিব্যক্তি নিঃসন্দেহে অসাধারণ একটি মঞ্চ। এর ব্যাপ্তি, আয়োজন এবং শিল্পীদের জন্য যে সুযোগ তৈরি করা হয়, তা সত্যিই প্রশংসনীয়। ইউএনএম ফাউন্ডেশন (UNM Foundation) এবং অভিব্যক্তি কর্তৃপক্ষের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ, এমন একটি বৃহৎ আয়োজনে আমাদের কাজ উপস্থাপনের সুযোগ করে দেওয়ার জন্য।

তারা আমাদের ওপর যে আস্থা রেখেছেন, আমাদের পরিবেশনার মধ্য দিয়ে সেই আস্থার যথাযথ মর্যাদা রাখতে চাই। আমরা প্রত্যেকেই ভীষণ উচ্ছ্বসিত। গত বছরও অভিব্যক্তির সঙ্গে আমার কাজ করার সুযোগ হয়েছিল। সে সময় ভারতীয় শাস্ত্রীয় সংগীতের বিভিন্ন আঙ্গিক—ঠুমরি, দাদরা ও খেয়াল নিয়ে কাজ করেছিলাম। এবার সম্পূর্ণ ভিন্ন একটি সংগীতভাবনা নিয়ে ফিরে আসছি। তাই এবারের অভিজ্ঞতা আমাদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।

প্রশ্ন: ভবিষ্যতে The Bengal Fusion Project-কে আন্তর্জাতিক মঞ্চে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে কি?

চক্রবর্তী সম্রাট: অবশ্যই রয়েছে। এটি তো কেবল শুরু। প্রকল্পটিকে আরও বিস্তৃত করার জন্য বিভিন্ন জায়গায় আলোচনা চলছে। তবে আমাদের এটাও বুঝতে হবে, সব ধরনের সংগীত আয়োজন সব উৎসবের মঞ্চে সমানভাবে গ্রহণযোগ্য হবে না। শ্রোতাদের রুচি, আয়োজনের ধরন এবং সংগীতের উপস্থাপনার ওপর অনেক কিছু নির্ভর করে। কিছু সীমাবদ্ধতা থাকবেই।

তবে আমি বিশ্বাস করি, সংগীত কখনো জাদুঘরের নিদর্শন হয়ে থাকতে পারে না। তাকে সময়ের সঙ্গে বাঁচতে হবে, বদলাতে হবে, নতুন মানুষের কাছে পৌঁছাতে হবে। আমাদের ঐতিহ্যকে সংরক্ষণ করার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে আকর্ষণীয় করে তোলাও জরুরি। সেই লক্ষ্য নিয়েই The Bengal Fusion Project-কে আরও বড় পরিসরে পৌঁছে দিতে চাই।

প্রশ্ন: বাংলাদেশের শ্রোতাদের জন্য আপনার বিশেষ কোনো বার্তা আছে? বাংলার সংগীত ঐতিহ্যের সঙ্গে তাদের সংযোগকে কীভাবে দেখেন?

চক্রবর্তী সম্রাট: বাংলাদেশের সংগীতের আমি ভীষণ বড় একজন অনুরাগী। বাংলাদেশের গান ও সংগীতশিল্পীদের কাছ থেকে আমরা অনেক অনুপ্রেরণা পাই। শুধু কোক স্টুডিও বাংলা নয়, বাংলাদেশের মৌলিক গানগুলোর মধ্যেও অসাধারণ সৃজনশীলতা রয়েছে। কোক স্টুডিও বাংলা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ মঞ্চ, তবে এর বাইরেও বাংলাদেশের শিল্পীরা যে ধরনের মৌলিক সংগীত তৈরি করছেন, তা আমাকে মুগ্ধ করে। তাদের কাজ শুনলে মনে হয়, আমিও এমন কিছু নতুন সৃষ্টি করতে চাই।

বাংলাদেশের শিল্পী, সংগীতশিল্পী এবং শ্রোতাদের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে। দুই বাংলার ভাষা, সংগীত ও সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে যে আত্মিক সম্পর্ক রয়েছে, সেটি অত্যন্ত মূল্যবান। আমি চাই, এই সম্পর্ক সংগীতের মধ্য দিয়ে আরও সমৃদ্ধ হোক। বাংলাদেশের শ্রোতাদের কাছ থেকেও আমরা ভালোবাসা ও অনুপ্রেরণা প্রত্যাশা করি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা