সহিদুল আলম স্বপন, জেনেভা (সুইজারল্যান্ড) প্রতিনিধি
প্রকাশ : ২১ মিনিট আগে
কাজের উদ্দেশ্যে সুইজারল্যান্ডে আসা বিদেশি নাগরিকদের অধিকাংশই দেশটিতে পৌঁছানোর আগেই চাকরি নিশ্চিত করেন। দেশটির ফেডারেল স্ট্যাটিস্টিক্যাল অফিসের (এফএসও) সর্বশেষ গবেষণায় দেখা গেছে, কর্মসংস্থানের জন্য অভিবাসনকারী ব্যক্তিদের দুই-তৃতীয়াংশেরও বেশি সুইজারল্যান্ডে আসার আগে চাকরি পেয়ে যান।
গবেষণায় দেখা গেছে, যারা পূর্বনির্ধারিত চাকরি ছাড়াই সুইজারল্যান্ডে আসেন, তাদের প্রায় দুই-তৃতীয়াংশ আগমনের তিন মাসের মধ্যে কর্মসংস্থান খুঁজে নিতে সক্ষম হন। এতে দেশটির শ্রমবাজারে দক্ষ বিদেশি কর্মীদের জন্য বিদ্যমান সুযোগের ইতিবাচক চিত্র উঠে এসেছে।
নিজেদের শিক্ষা ও পেশাগত যোগ্যতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কাজ খুঁজে পাওয়ার ক্ষেত্রেও ইতিবাচক তথ্য পাওয়া গেছে। জরিপে অংশ নেওয়া প্রায় আটজনের মধ্যে সাতজন জানিয়েছেন, উপযুক্ত চাকরি পেতে তাঁদের উল্লেখযোগ্য কোনো সমস্যার মুখোমুখি হতে হয়নি। বিশেষ করে যেসব অভিবাসীর নিজ নিজ ক্যান্টনের সরকারি ভাষায় ভালো দক্ষতা রয়েছে, তাদের জন্য শ্রমবাজারে প্রবেশ আরও সহজ হয়েছে।
বিদেশিদের সামাজিক ও অর্থনৈতিক অন্তর্ভুক্তিতে ভাষাশিক্ষাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গবেষণা অনুযায়ী, সুইজারল্যান্ডে আসার পর অর্ধেকের বেশি বিদেশি কোনো না কোনো ভাষা কোর্সে অংশ নিয়েছেন। দেশটির সমাজ ও কর্মক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করতে ভাষাগত দক্ষতাকে গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এদিকে বিদেশে অর্জিত শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রেও আগ্রহ বাড়ছে। বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত অভিবাসীদের একটি অংশ ইতোমধ্যে তাদের ডিগ্রি ও সনদের সমমান স্বীকৃতির জন্য আবেদন করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সুইস সমাজে দীর্ঘমেয়াদি বসবাস ও সম্পৃক্ত হওয়ার প্রবণতাও লক্ষ করা গেছে। জরিপে দেখা যায়, প্রতি ১০ জন বিদেশি বাসিন্দার একজন ইতোমধ্যে সুইস নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। যারা এখনো আবেদন করেননি, তাদের প্রায় দুই-তৃতীয়াংশ ভবিষ্যতে দেশটির নাগরিকত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
বিশ্লেষকদের মতে, শক্তিশালী অর্থনীতি, উন্নত জীবনমান, দক্ষ জনশক্তির চাহিদা এবং অভিবাসীদের একীভূত করার সুযোগ সুইজারল্যান্ডকে আন্তর্জাতিক কর্মীদের কাছে আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে। পাশাপাশি ভাষাশিক্ষা ও বিদেশি পেশাগত যোগ্যতার স্বীকৃতির সুযোগ দেশটিতে অভিবাসীদের কর্মজীবন ও সামাজিক অন্তর্ভুক্তির পথ সহজ করছে।