অভ্র বড়ুয়া, গুজরাট (ভারত) প্রতিনিধি
প্রকাশ : ১৫ মিনিট আগে
গুজরাটের সোমনাথ মন্দির।
ভারতের প্রাচীন ইতিহাস, স্থাপত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম নিদর্শন গুজরাটের সোমনাথ মন্দির। শতাব্দীর পর শতাব্দী ধরে ইতিহাস, স্থাপত্য ও মানুষের বিশ্বাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই ঐতিহাসিক স্থাপনাকে আধুনিক নকশা ও প্রযুক্তির মাধ্যমে নতুনভাবে উপস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কাজে যুক্ত হয়েছে আহমেদাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইন (এনআইডি)।
গত ৬ নভেম্বর সোমনাথ মন্দিরের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও স্থাপত্যগত ঐতিহ্য সংরক্ষণ এবং দর্শনার্থীদের অভিজ্ঞতা সমৃদ্ধ করার লক্ষ্যে এনআইডি আহমেদাবাদ ও শ্রী সোমনাথ ট্রাস্টের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে আধুনিক নকশাচর্চার সঙ্গে প্রাচীন ঐতিহ্যের সমন্বয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে।
চুক্তি অনুযায়ী, সোমনাথ মন্দির প্রাঙ্গণে তৈরি করা হবে ইন্টারঅ্যাকটিভ প্রদর্শনী, স্থাপত্যভিত্তিক শিল্প-ইনস্টলেশন, আধুনিক দিকনির্দেশনা ব্যবস্থা এবং ইতিহাসনির্ভর অভিজ্ঞতামূলক পরিসর। পাশাপাশি দর্শনার্থীদের জন্য জাদুঘর, গ্যালারি ও বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ মডেল তৈরির সম্ভাবনাও খতিয়ে দেখা হবে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দর্শনার্থীরা মন্দির দর্শনের পাশাপাশি এর ইতিহাস, স্থাপত্য ও সাংস্কৃতিক তাৎপর্য সম্পর্কে আরও গভীরভাবে জানার সুযোগ পাবেন।
এ উদ্যোগের আওতায় সোমনাথের বাইরের বৃহত্তর প্রভাস অঞ্চলের ঐতিহ্য সংরক্ষণেও কাজ করবে এনআইডি। স্থানীয় শিল্পকলা, হস্তশিল্প, বস্ত্রশিল্প, স্থাপত্য ও লোকজ সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে গবেষণা এবং সেগুলো নথিবদ্ধ করা হবে। একই সঙ্গে স্থানীয় কারুশিল্পের পুনরুজ্জীবন, শিল্পীদের প্রশিক্ষণ, নকশাবিষয়ক কর্মশালা, সাংস্কৃতিক প্রদর্শনী এবং শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ তৈরির পরিকল্পনাও রয়েছে।
উল্লেখ্য, সোমনাথ মন্দিরের সঙ্গে এনআইডির সহযোগিতা এবারই প্রথম নয়। এর আগে মন্দিরের প্রসাদ বিতরণের জন্য পরিবেশবান্ধব প্যাকেজিংয়ের নকশা তৈরি করেছিল প্রতিষ্ঠানটি। প্লাস্টিকের পরিবর্তে কাগজ ও পুনর্ব্যবহারযোগ্য ধাতব প্যাকেজিং ব্যবহারের ওই উদ্যোগে ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি পরিবেশ সচেতনতাকেও গুরুত্ব দেওয়া হয়।
সব মিলিয়ে, সোমনাথের এ উদ্যোগ কেবল একটি ঐতিহাসিক স্থাপনার আধুনিকায়ন নয়; বরং প্রাচীন ঐতিহ্যকে আধুনিক নকশা ও প্রযুক্তির মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আরও অর্থবহ ও আকর্ষণীয়ভাবে তুলে ধরার প্রয়াস। এর মাধ্যমে ইতিহাস ও আধুনিক সৃজনশীলতার মেলবন্ধন ঘটার পাশাপাশি স্থানীয় শিল্প ও কারুশিল্প পাবে নতুন পরিচিতি।
গুজরাটের সাংস্কৃতিক অঙ্গনে এ উদ্যোগ তাই নতুন মাত্রা যোগ করবে। কারণ ঐতিহ্য সংরক্ষণের অর্থ শুধু অতীতকে ধরে রাখা নয়, বরং সময়ের সঙ্গে তার নতুন প্রকাশ ও উপস্থাপনার পথ তৈরি করাও।