× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্যারিসে সশস্ত্র বাহিনী দিবস উদ্‌যাপন

আহমেদ সোহেল বাপ্পী, প্যারিস (ফ্রান্স) প্রতিনিধি

প্রকাশ : ১৬ মিনিট আগে

প্যারিসে সশস্ত্র বাহিনী দিবস উদ্‌যাপন

যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশের ৫৫তম সশস্ত্র বাহিনী দিবস উদ্‌যাপন করা হয়েছে। 

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় প্যারিসের ১৬তম অ্যারোন্দিসমেন্টের টাউন হল XVI-তে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ দূতাবাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স ও মোনাকোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ইউনেসকোয় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি খন্দকার এম. তালহা। বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান।

বক্তব্যের শুরুতে মহান মুক্তিযুদ্ধ এবং যুদ্ধ-পরবর্তী সময়ে জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানান রাষ্ট্রদূত। তিনি বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন। এ সময় মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সম্মিলিত অবদানের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন তিনি।

মুক্তিযুদ্ধের পক্ষে ফ্রান্সে জনমত গড়ে তোলার ক্ষেত্রে প্রখ্যাত ফরাসি লেখক ও তৎকালীন সংস্কৃতিমন্ত্রী আঁদ্রে মালরোর অবদানের কথাও স্মরণ করেন রাষ্ট্রদূত। একই সঙ্গে ২০২৪ সালের জুলাই আন্দোলনে জীবন উৎসর্গকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ওই সময় সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি।

রাষ্ট্রদূত তার বক্তব্যে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘ফোর্সেস গোল ২০৩০’-এর আওতায় সশস্ত্র বাহিনীকে সুপ্রশিক্ষিত, সুসজ্জিত ও প্রযুক্তিগতভাবে দক্ষ করে গড়ে তুলতে আধুনিকায়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। 

তিনি আরও বলেন, দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি সশস্ত্র বাহিনী শিক্ষাপ্রতিষ্ঠান ও বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক (স্টেম) বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, জাতীয় ও ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ, নারীর ক্ষমতায়ন এবং বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য প্রচারেও ভূমিকা রাখছে।

স্বাগত বক্তব্যে প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা সশস্ত্র বাহিনী দিবসের ঐতিহাসিক ও জাতীয় তাৎপর্য তুলে ধরেন। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সঙ্গে ফ্রান্সসহ বন্ধুপ্রতিম দেশগুলোর সামরিক বাহিনীর পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অংশগ্রহণ, স্বাধীনতা-পরবর্তী সময়ে বাহিনীগুলোর গঠন ও উন্নয়ন এবং দেশে-বিদেশে তাদের বিভিন্ন কার্যক্রম নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকাও তুলে ধরা হয়। এর মাধ্যমে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক পথপরিক্রমা, আত্মত্যাগ ও বহুমাত্রিক অবদান তুলে ধরা হয়।

অনুষ্ঠানে ফ্রান্সের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্যারিসে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিরক্ষা উপদেষ্টা এবং ফরাসি সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ ছাড়া ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২১ নভেম্বর মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সম্মিলিত অভিযানের মধ্য দিয়ে সমন্বিত সামরিক কার্যক্রমের ঐতিহাসিক সূচনা ঘটে। সেই গৌরবোজ্জ্বল স্মৃতিকে ধারণ করে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়। দিনটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাহস, শৃঙ্খলা, পেশাদারত্ব ও আত্মত্যাগের প্রতীক।

প্যারিসে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রবাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, সশস্ত্র বাহিনীর ঐতিহ্য ও আধুনিকায়নের অগ্রযাত্রা আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরা হয়। একই সঙ্গে ফ্রান্সসহ বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে সামরিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদার এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়টিও গুরুত্ব পায়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা