আমিনুল ইসলাম, আবুধাবি (ইউএই) প্রতিনিধি
প্রকাশ : ১১ মিনিট আগে
সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে আমিরাতের রাস আল খাইমাহর দক্ষিণাঞ্চলীয় আল ওয়াতান রোডে এ দুর্ঘটনা ঘটে। রাস আল খাইমাহ পুলিশ ও দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ৪১ জন যাত্রীবাহী একটি বাস সজোরে ধাক্কা দিলে এতে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর প্রাথমিকভাবে ১১ জনের মৃত্যুর খবর জানানো হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়ায়।
দুর্ঘটনায় আহত ১৪ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সিভিল ডিফেন্স ও জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে।
দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ছাড়া এই ঘটনা নিয়ে গুজব না ছড়িয়ে কেবল সরকারি সূত্র থেকে পাওয়া তথ্যের ওপর নির্ভর করতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।