× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এআইয়ের প্রসারে কুলিং প্রযুক্তিতে এবিবির বিনিয়োগ

মাইনউদ্দিন, সাতু মারে (রোমানিয়া) প্রতিনিধি

প্রকাশ : ১৪ মিনিট আগে

এআইয়ের প্রসারে কুলিং প্রযুক্তিতে এবিবির বিনিয়োগ

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রসারে ডেটা সেন্টারের শীতলীকরণ ব্যবস্থার চাহিদা বাড়ছে। এই বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করতে জার্মানির ফ্যান ও মোটর নির্মাতা প্রতিষ্ঠান ZIEHL-ABEGG (ৎসিল-আবেক) অধিগ্রহণের চুক্তি করেছে সুইস প্রকৌশল প্রতিষ্ঠান ABB (এবিবি)। এ চুক্তিতে জার্মান প্রতিষ্ঠানটির মোট ব্যবসায়িক মূল্য নির্ধারণ করা হয়েছে ২৬৫ কোটি ডলার।

সোমবার (২৩ নভেম্বর) জুরিখে দেওয়া এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে এবিবি। অধিগ্রহণ সম্পন্ন হলে প্রতিষ্ঠানটির মোটর ও ড্রাইভ ব্যবসার সঙ্গে যুক্ত হবে বিদ্যুৎসাশ্রয়ী ফ্যান প্রযুক্তি। এসব ফ্যান মূলত কারখানা, বাণিজ্যিক ভবন ও ডেটা সেন্টারের শীতলীকরণ ব্যবস্থায় ব্যবহৃত হয়।

এআই প্রযুক্তির ব্যবহার ও সম্প্রসারণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেটা সেন্টারের সংখ্যা ও সক্ষমতা। এসব কেন্দ্রে এআই মডেল প্রশিক্ষণ ও পরিচালনার জন্য বিপুলসংখ্যক শক্তিশালী চিপ একসঙ্গে কাজ করে। ফলে সার্ভার র‍্যাকে প্রচুর তাপ উৎপন্ন হয়। এ তাপ নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজন হয় উচ্চক্ষমতাসম্পন্ন শীতলীকরণ ব্যবস্থা।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) তথ্য অনুযায়ী, ডেটা সেন্টারে সার্ভার র‍্যাকের তাপ উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে তা অপসারণের জন্য কুলিং ব্যবস্থার সক্ষমতাও বাড়াতে হচ্ছে। ফলে এ খাতে বিদ্যুৎসাশ্রয়ী ও দক্ষ ফ্যানের গুরুত্ব ক্রমেই বাড়ছে।

এবিবির হিসাব অনুযায়ী, একটি কুলিং সিস্টেম স্থাপনের মোট ব্যয়ের প্রায় ৫ শতাংশ ব্যয় হয় ফ্যান কেনায়। তবে পুরো কার্যকালজুড়ে ওই ব্যবস্থার মোট বিদ্যুৎ ব্যবহারের প্রায় ৮০ শতাংশই লাগে ফ্যান পরিচালনায়। এ কারণে ফ্যান কেনার ক্ষেত্রে প্রাথমিক দামের পাশাপাশি বিদ্যুৎ ব্যবহারের দক্ষতাও গুরুত্বপূর্ণ বিবেচ্য হয়ে উঠেছে।

১৯১০ সালে বার্লিনে বৈদ্যুতিক মোটর উৎপাদনের মাধ্যমে যাত্রা শুরু করে ৎসিল-আবেক। প্রতিষ্ঠানটি ইলেকট্রনিকভাবে মোটরের গতি নিয়ন্ত্রণ করা যায়—এমন প্রযুক্তির ফ্যান তৈরিতে বিশেষায়িত। এসব ফ্যান প্রয়োজন অনুযায়ী বাতাসের প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারে, যা বিদ্যুৎ সাশ্রয়ে ভূমিকা রাখে।

এবিবি জানিয়েছে, ডেটা সেন্টারে বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি শিল্পকারখানার শীতলীকরণ এবং বাণিজ্যিক ভবনে বায়ু চলাচল ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার চাহিদাও বাড়ছে। এসব খাতের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় নিয়ে অধিগ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদনসহ প্রয়োজনীয় শর্ত পূরণ হলে ২০২৭ সালের দ্বিতীয়ার্ধে এ অধিগ্রহণ সম্পন্ন হবে বলে আশা করছে এবিবি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা