এম ডি জে খোকন, লন্ডন (যুক্তরাজ্য) প্রতিনিধি
প্রকাশ : ১১ মিনিট আগে
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ব্যবসা, উদ্যোক্তা, উদ্ভাবন ও সাফল্য উদযাপনে অনুষ্ঠিত হয়েছে ‘UK Business Expo & Awards 2026’। ব্রিটিশ বিজনেস এন্টারপ্রেনার ক্লাবের (বিবিইসি) উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী, উদ্যোক্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, পেশাজীবী ও বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ আব্দুল মুহিত উপস্থিত ছিলেন। এ সময় অংশগ্রহণকারী ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর উদ্যোগ ও গ্রাহকবান্ধব কার্যক্রমের প্রশংসা করেন তিনি। উপস্থিত অতিথিরাও এ ধরনের আয়োজনকে ইতিবাচক হিসেবে অভিহিত করেন।
অনুষ্ঠানে যুক্তরাজ্য বিএনপির সদস্যসচিব খসরু জামানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজনটির পরিকল্পনা, দায়িত্ব ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ব্রিটিশ বিজনেস এন্টারপ্রেনার ক্লাবের প্রতিষ্ঠাতা এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেক্রেটারি আকরাম হোসাইন। তার উদ্যোগ ও সাংগঠনিক নেতৃত্বে অনুষ্ঠানটি ব্যবসায়ী, উদ্যোক্তা ও বিশিষ্টজনদের মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে ব্যবসায়িক সাফল্য, উদ্যোক্তা-চেতনা, উদ্ভাবন এবং বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের অর্জন উদযাপন করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক পরিচিতি, অভিজ্ঞতা বিনিময়, নতুন যোগাযোগ তৈরি এবং ভবিষ্যৎ ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে মতবিনিময়ের সুযোগ তৈরি হয়।
অংশগ্রহণকারীরা মনে করেন, এ ধরনের আয়োজন যুক্তরাজ্যে বাংলাদেশি ও অন্যান্য উদ্যোক্তাদের ব্যবসায়িক অগ্রগতি, পারস্পরিক সহযোগিতা এবং নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আয়োজকদের পাশাপাশি পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তা ও ব্যবসায়ীদের অভিনন্দন জানানো হয়। তাদের সাফল্য ও অবদান ভবিষ্যতেও নতুন প্রজন্মের উদ্যোক্তাদের অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সব মিলিয়ে ‘UK Business Expo & Awards 2026’ ব্যবসায়িক সাফল্য উদযাপন, উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরিতে একটি উল্লেখযোগ্য আয়োজন হিসেবে বিবেচিত হয়েছে।