× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুয়েতের গ্র্যান্ড মসজিদে ইসলামি স্থাপত্যের অনন্য নিদর্শন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ মিনিট আগে

কুয়েত সিটির প্রাণকেন্দ্রে অবস্থিত গ্র্যান্ড মসজিদ। ছবি : সংগৃহীত

কুয়েত সিটির প্রাণকেন্দ্রে অবস্থিত গ্র্যান্ড মসজিদ। ছবি : সংগৃহীত

কুয়েতের রাজধানী কুয়েত সিটির প্রাণকেন্দ্রে অবস্থিত গ্র্যান্ড মসজিদ দেশটির অন্যতম বৃহৎ ও ঐতিহাসিক ধর্মীয় স্থাপনা। ইসলামি স্থাপত্যশৈলী, দৃষ্টিনন্দন কারুকাজ ও বিশাল গম্বুজের জন্য পরিচিত মসজিদটি শুধু ইবাদতের স্থান নয়, কুয়েতের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যেরও গুরুত্বপূর্ণ প্রতীক। পারস্য উপসাগরের তীরবর্তী আরব উপসাগর সড়কে অবস্থিত এই মসজিদটির নির্মাণকাজ শুরু হয়েছিল ১৯৭৯ সালে। ১৯৮৬ সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এটি।

সাবেক আমির শেখ জাবের আল-আহমদ আল-জাবের আল-সাবাহর উদ্যোগে মসজিদটি নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। আন্তর্জাতিক স্থাপত্য প্রতিযোগিতার মাধ্যমে এর নকশা নির্বাচিত হয়। ইরাকি স্থপতি মোহাম্মদ সালেহ মাকিয়া মসজিদটির নকশা প্রণয়ন করেন। আরব-ইসলামি স্থাপত্যের পাশাপাশি আন্দালুসীয় ও স্থানীয় উপসাগরীয় অঞ্চলের স্থাপত্যরীতির প্রভাব রয়েছে এর নির্মাণশৈলীতে। প্রায় ১৪ মিলিয়ন কুয়েতি দিনার ব্যয়ে নির্মিত এই স্থাপনাটি দেশটির স্থাপত্য ইতিহাসে বিশেষ স্থান দখল করে আছে।

প্রায় ৪৫ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত মসজিদটির মূল ভবনের আয়তন প্রায় ২০ হাজার বর্গমিটার। এর প্রধান নামাজের হলটি ৭২ মিটার দৈর্ঘ্য ও প্রস্থের বর্গাকার কাঠামোয় নির্মিত। হলের মাঝখানে রয়েছে বিশাল গম্বুজ, যার ব্যাস প্রায় ২৬ মিটার এবং উচ্চতা ভূমি থেকে প্রায় ৪৩ মিটার। গম্বুজের ভেতরে আল্লাহর ৯৯টি নাম ও পবিত্র কোরআনের আয়াত কুফি লিপিতে খোদাই করা হয়েছে।

মসজিদের ভেতরে প্রাকৃতিক আলো প্রবেশের জন্য রয়েছে ১৪৪টি জানালা। প্রধান নামাজের হল ছাড়াও রয়েছে নারীদের জন্য পৃথক নামাজের জায়গা, দৈনন্দিন নামাজের হল এবং আমিরি হল। আমিরি হলে ধর্মীয় উৎসব ও বিশেষ উপলক্ষে আমিরের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়। মসজিদের দরজা, দেয়াল, স্তম্ভ ও অভ্যন্তরীণ অংশে মার্বেল, কাঠ, মোজাইক ও সূক্ষ্ম ইসলামি নকশার ব্যবহার স্থাপনাটিকে দিয়েছে ভিন্ন মাত্রা।

গ্র্যান্ড মসজিদের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এর মিনার ও খোলা প্রাঙ্গণ। মসজিদের আশপাশে রয়েছে বাগান, খোলা চত্বর ও চলাচলের প্রশস্ত পথ। এসব স্থাপনা ও নকশায় ধর্মীয় স্থাপত্যের পাশাপাশি মানুষের সমাগম ও চলাচলের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

প্রতিদিনের পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি পবিত্র রমজান মাসে মসজিদটি বিশেষভাবে প্রাণবন্ত হয়ে ওঠে। তারাবি ও কিয়ামুল লাইলের নামাজে বিপুলসংখ্যক মুসল্লির সমাগম ঘটে। লাইলাতুল কদর উপলক্ষে এখানে বিশেষ আয়োজন করা হয়। ধর্মীয় কার্যক্রমের পাশাপাশি কোরআন শিক্ষা, ইসলামি সংস্কৃতি, আলোচনা সভা ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনও অনুষ্ঠিত হয়।

দেশটির ধর্মীয় ঐতিহ্য ও স্থাপত্য সম্পর্কে জানতে আগ্রহী বিদেশি পর্যটকদের জন্যও গ্র্যান্ড মসজিদ একটি আকর্ষণীয় স্থান। দর্শনার্থীদের জন্য রয়েছে মসজিদ পরিদর্শন ও এর স্থাপত্য সম্পর্কে জানার সুযোগ। ফলে এটি কেবল মুসল্লিদের ইবাদতের স্থান হিসেবেই নয়, কুয়েতের ইতিহাস, সংস্কৃতি ও ইসলামি স্থাপত্যের পরিচয় তুলে ধরার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেও পরিচিতি পেয়েছে।

সময় বদলেছে, কুয়েতের নগরজীবনে যুক্ত হয়েছে আধুনিক সব স্থাপনা। কিন্তু রাজধানীর বুকে দাঁড়িয়ে থাকা গ্র্যান্ড মসজিদ আজও বহন করছে দেশটির ধর্মীয় বিশ্বাস, ঐতিহ্য ও স্থাপত্যশৈলীর গৌরবময় পরিচয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা