অভ্র বড়ুয়া, গুজরাট (ভারত) প্রতিনিধি
প্রকাশ : ১১ মিনিট আগে
ভারতের গুজরাটের আহমেদাবাদ শুধু বাণিজ্য, স্থাপত্য কিংবা ঐতিহাসিক ঐতিহ্যের শহর নয়, শিল্প-সংস্কৃতির চর্চাতেও রয়েছে এর স্বতন্ত্র পরিচয়। সেই সাংস্কৃতিক পরিচয়ের অন্যতম গুরুত্বপূর্ণ ঠিকানা নটরানি (Natarani)। প্রচলিত নাট্যধারার বাইরে গিয়ে সমকালীন নাটক, নৃত্য, সংগীত ও পরীক্ষামূলক পরিবেশনার মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে শিল্পচর্চার এক ভিন্ন ভাষা নির্মাণ করে চলেছে এই মঞ্চ।
আহমেদাবাদের সবরমতী নদীর তীরে অবস্থিত নটরানি একটি উন্মুক্ত মঞ্চ। এটি শুধু নাটক প্রদর্শনের স্থান নয়, বরং নাট্যশিল্পী, নির্দেশক, নৃত্যশিল্পী, সংগীতশিল্পী ও সংস্কৃতিপ্রেমীদের মিলনস্থল। প্রচলিত মঞ্চের সীমাবদ্ধতা পেরিয়ে এখানে শিল্পী ও দর্শকের মধ্যে তৈরি হয় নিবিড় যোগাযোগ।
১৯৯৪ সালে নটরানির যাত্রা শুরু হয়। কিংবদন্তি নৃত্যশিল্পী মৃণালিনী সারাভাই ও মহাকাশবিজ্ঞানী বিক্রম সারাভাই প্রতিষ্ঠিত ‘দর্পণা একাডেমি অব পারফর্মিং আর্টস’-এর সাংস্কৃতিক পরিসরের অংশ হিসেবে গড়ে ওঠে এই মঞ্চ। পরবর্তী সময়ে তাদের কন্যা নৃত্যশিল্পী ও নির্দেশক মল্লিকা সারাভাইয়ের উদ্যোগে নটরানি আহমেদাবাদের শিল্পচর্চায় একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করে।
নটরানির বিশেষত্ব এর মঞ্চ নির্মাণেও। সবরমতী নদীর তীরবর্তী উন্মুক্ত পরিবেশ, গাছপালায় ঘেরা পরিসর এবং দর্শকদের কাছাকাছি শিল্পীদের অবস্থান প্রতিটি পরিবেশনাকে দেয় ভিন্ন মাত্রা। এখানে নাটক শুধু সংলাপনির্ভর নয়; শরীরী ভাষা, সংগীত, নৃত্য, আলো ও নীরবতাও হয়ে ওঠে গল্প বলার গুরুত্বপূর্ণ মাধ্যম।
এই মঞ্চে ভারতীয় ধ্রুপদি নৃত্য থেকে শুরু করে আন্তর্জাতিক নৃত্যধারা, সমকালীন নাটক, পাপেট থিয়েটার, সংগীত ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। বিভিন্ন শিল্পমাধ্যমের সম্মিলনের পাশাপাশি সামাজিক সচেতনতা, নারীর ক্ষমতায়ন ও মানবিক নানা প্রশ্নও নটরানির পরিবেশনায় গুরুত্ব পায়।
নতুন শিল্পী ও নাট্যনির্মাতাদের সুযোগ তৈরির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে নটরানি। স্বল্প ব্যয়ে মঞ্চ ব্যবহারের সুযোগ এবং পরীক্ষামূলক পরিবেশনার আয়োজন তরুণ নাট্যকার ও নির্দেশকদের সৃজনশীল কাজের ক্ষেত্র তৈরি করেছে। প্রতিষ্ঠানটির নিজস্ব তথ্য অনুযায়ী, প্রথম ২২ বছরে ৪২টি দেশের শিল্পীদের অংশগ্রহণে এখানে প্রায় ১ হাজার ৫০০টি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল।
বর্তমানে নটরানির ৩২তম মৌসুম (অক্টোবর-ডিসেম্বর ২০২৬) চলছে। আগামী ২৭ নভেম্বর মল্লিকা সারাভাইয়ের ভাবনায় ভরতনাট্যমভিত্তিক ‘সম্প্রদায়ম’ এবং ২৮ নভেম্বর কথকশিল্পী সঞ্জুক্তা সিনহা ও তার দলের ‘ড্যান্সিং দ্য ডিভাইন’ পরিবেশনার সূচি রয়েছে।
বিশ্বজুড়ে বিনোদনের মাধ্যম বদলাচ্ছে, পরিবর্তন আসছে দর্শকের রুচিতেও। এমন সময়ে নটরানির মতো মঞ্চ মনে করিয়ে দেয়, শিল্পী ও দর্শকের সরাসরি যোগাযোগের আবেদন এখনো অটুট। একটি নাটক, নৃত্য কিংবা সংগীত পরিবেশনা যে সমাজের চিন্তা ও অনুভূতিকে স্পর্শ করতে পারে, নটরানির দীর্ঘ সাংস্কৃতিক যাত্রা তারই উদাহরণ।
আহমেদাবাদের সাংস্কৃতিক মানচিত্রে নটরানি তাই নিছক একটি উন্মুক্ত নাট্যমঞ্চ নয়; এটি এমন এক সৃজনশীল পরিসর, যেখানে ঐতিহ্য শুধু অতীতের স্মৃতি হয়ে থাকে না, বরং সমকালীন শিল্পের ভাষায় প্রতিনিয়ত নতুন রূপে প্রকাশিত হয়।