× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাজ্যের ভিসা ইন্টারভিউয়ে ৭৯% বাংলাদেশি শিক্ষার্থী ‘অবিশ্বাসযোগ্য’

এম ডি জে খোকন, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি

প্রকাশ : ২০ মিনিট আগে

যুক্তরাজ্যের ভিসা ইন্টারভিউয়ে ৭৯% বাংলাদেশি শিক্ষার্থী ‘অবিশ্বাসযোগ্য’

যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসার জন্য আবেদনকারী বাংলাদেশি শিক্ষার্থীদের বিশ্বাসযোগ্যতা যাচাইয়ে কঠোর অবস্থান নিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চলতি বছরের মে থেকে অক্টোবর পর্যন্ত স্টুডেন্ট ভিসার আবেদনকারীদের মধ্যে যাদের বিশ্বাসযোগ্যতা যাচাইয়ের সাক্ষাৎকার (ক্রেডিবিলিটি ইন্টারভিউ) নেওয়া হয়েছে, তাদের ৭৯ শতাংশকেই অবিশ্বাসযোগ্য হিসেবে বিবেচনা করেছে যুক্তরাজ্যের ভিসা কর্তৃপক্ষ (UKVI)।

আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সংবাদমাধ্যম দ্য পিআইই নিউজের (The PIE News) এক প্রতিবেদনে ইউকেভিআইয়ের একটি ব্রিফিং পেপারের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ২০২৬ সালের মে থেকে অক্টোবর পর্যন্ত মোট ১১ হাজার ৪১৫ জন শিক্ষার্থীর সাক্ষাৎকার নেওয়া হয়। তাদের মধ্যে ৯ হাজার ৪৩ জনকে অবিশ্বাসযোগ্য হিসেবে বিবেচনা করেন ইউকেভিআইয়ের কর্মকর্তারা। অর্থাৎ সাক্ষাৎকারে অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রায় ৭৯ শতাংশের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

দেশভিত্তিক তথ্যেও উল্লেখযোগ্য পার্থক্য দেখা গেছে। প্রতিবেদনে বলা হয়, সাক্ষাৎকারে অংশ নেওয়া নেপালি শিক্ষার্থীদের মধ্যে ৯২ শতাংশ, ভারতীয়দের ৮৯ শতাংশ, নাইজেরীয়দের ৮৪ শতাংশ এবং বাংলাদেশি শিক্ষার্থীদের ৭৯ শতাংশকে অবিশ্বাসযোগ্য হিসেবে বিবেচনা করা হয়েছে। শ্রীলঙ্কার শিক্ষার্থীদের ক্ষেত্রেও এ হার ৭৯ শতাংশ। অন্যদিকে পাকিস্তানি শিক্ষার্থীদের ক্ষেত্রে হার ৭৩ শতাংশ।

তবে এই পরিসংখ্যানকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসার জন্য আবেদনকারী সব শিক্ষার্থীর ভিসা প্রত্যাখ্যানের হার হিসেবে দেখার সুযোগ নেই। কারণ, এটি কেবল ক্রেডিবিলিটি ইন্টারভিউয়ে অংশ নেওয়া আবেদনকারীদের মূল্যায়নের চিত্র। UKVI জানিয়েছে, ছয় মাসের এই পরিসংখ্যান পুরো বছরের পরিস্থিতির প্রতিনিধিত্ব নাও করতে পারে।

কেন বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে

The PIE News-এর প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষার্থীদের ভিসা প্রত্যাখ্যানের অন্যতম কারণ হলো নির্বাচিত বিশ্ববিদ্যালয় ও কোর্স সম্পর্কে পর্যাপ্ত গবেষণা না থাকা। কেন যুক্তরাজ্যে পড়তে চান, নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় ও কোর্স বেছে নিয়েছেন এবং সেই শিক্ষার সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনার সম্পর্ক কী এসব বিষয়ে পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে না পারা credibility assessment এ নেতিবাচক প্রভাব ফেলছে।

তাই যুক্তরাজ্যে পড়তে যাওয়া শিক্ষার্থীদের এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। বিষয়গুলো আগে থেকেই ভিসা যাচাইয়ের অংশ থাকলেও বর্তমান পরিস্থিতিতে এগুলোর ওপর আরও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ছাড়া নির্বাচিত কোর্স বা বিষয় সম্পর্কে দুর্বল ধারণা, ইংরেজিতে যোগাযোগের সক্ষমতা এবং অর্থের উৎস ও আর্থিক ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে।

UKVI-এর কর্মকর্তারা আবেদনকারীর পড়াশোনার উদ্দেশ্য, প্রস্তুতি এবং শিক্ষার্থী হিসেবে প্রকৃত আগ্রহ যাচাইয়ে এসব বিষয় বিবেচনায় নিচ্ছেন।

সব আবেদনকারীকে সাক্ষাৎকারে ডাকা হচ্ছে না

UKVI-এর এই তথ্য থেকে এমন ধারণা করার সুযোগ নেই যে, যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসার জন্য আবেদনকারী প্রত্যেক শিক্ষার্থীকে সাক্ষাৎকার দিতে হচ্ছে কিংবা সবার ভিসাই ঝুঁকির মুখে রয়েছে। নির্দিষ্ট কিছু আবেদনকারীর ক্ষেত্রে ক্রেডিবিলিটি ইন্টারভিউ নেওয়া হয়। ফলে সাক্ষাৎকারে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে অবিশ্বাসযোগ্য বিবেচিত হওয়ার হার এবং সব আবেদনকারীর সামগ্রিক ভিসা প্রত্যাখ্যানের হার এক নয়।

হোম অফিসের বক্তব্য

ইউনিভার্সিটিজ ইউকে ইন্টারন্যাশনালের (ইউইউকেআই) আন্তর্জাতিক শিক্ষার্থী নিয়োগবিষয়ক এক সম্মেলনে যুক্তরাজ্যের হোম অফিসের কর্মকর্তা অলিভার রে বলেন, আন্তর্জাতিক শিক্ষার্থী আসার ক্ষেত্রে সরকারের নির্দিষ্ট কোনো সংখ্যা নির্ধারণের লক্ষ্য নেই। বরং প্রকৃত উদ্দেশ্যে পড়াশোনা করতে আসা শিক্ষার্থীদের গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ঝুঁকি মূল্যায়ন আরও সুনির্দিষ্ট করার কারণে UKVI আগের তুলনায় কমসংখ্যক শিক্ষার্থীকে সাক্ষাৎকারে ডাকছে। তবে যাদের ক্ষেত্রে উদ্বেগ বা সন্দেহ রয়েছে, তাদের বিস্তারিত যাচাই করা হচ্ছে। 

বাংলাদেশি শিক্ষার্থীদের প্রস্তুতি কেমন হওয়া উচিত

এই পরিসংখ্যান যুক্তরাজ্যে পড়তে যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সতর্কবার্তা হিসেবে বিবেচিত হতে পারে। ভিসার আবেদন করার সময় শুধু বিশ্ববিদ্যালয়ের অফার লেটার, সিএএস (CAS) বা ব্যাংক-সংক্রান্ত কাগজপত্র প্রস্তুত রাখাই যথেষ্ট নয়। কেন নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় ও কোর্স বেছে নেওয়া হয়েছে, কোর্সের বিষয়বস্তু কী, আগের পড়াশোনার সঙ্গে এর সম্পর্ক এবং ভবিষ্যৎ ক্যারিয়ারে এই শিক্ষা কীভাবে কাজে আসবে—এসব বিষয়ে স্পষ্ট ধারণা থাকা জরুরি।

সাক্ষাৎকারে সম্ভাব্য প্রশ্নের উত্তর মুখস্থ করার চেয়ে নিজের সিদ্ধান্তগুলো বোঝা এবং স্বাভাবিকভাবে ব্যাখ্যা করতে পারা বেশি গুরুত্বপূর্ণ।

তবে UKVI-এর এই পরিসংখ্যানকে সব বাংলাদেশি শিক্ষার্থীর ভিসা প্রত্যাখ্যানের হার হিসেবে বিবেচনা করা উচিত নয়। এটি নির্দিষ্ট ছয় মাসে সাক্ষাৎকারে অংশ নেওয়া শিক্ষার্থীদের মূল্যায়নের চিত্র। যুক্তরাজ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের সামগ্রিক ভিসা অনুমোদন ও প্রত্যাখ্যানের পরিস্থিতি বুঝতে হোম অফিসের পূর্ণাঙ্গ ভিসা পরিসংখ্যানের অপেক্ষা করতে হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা